পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ১০ সেনা নিহত

পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ১০ সেনা নিহত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:২০

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দেশটির ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। অপরদিকে সেনাসদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক সন্ত্রাসী। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দেশটির বেলুচিস্তান প্রদেশের কেচ শহরে এই ঘটনা ঘটে।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বেলুচিস্তান প্রদেশের কেচ শহরে পাকিস্তানি সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা করে সন্ত্রাসীরা। এসময় সেনাসদস্য ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে ১০ সেনাসদস্য নিহত হন। প্রাণ হারান এক হামলাকারীও। এছাড়া এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। অবশ্য কোনো গোষ্ঠী বা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের হামলার পর পুরো এলাকায় তল্লাশি শুরু করা হয়। এছাড়া পরে ৩ সন্ত্রাসীকে আটক করে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান এখনও চলছে।

আইএসপিআর’র ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল বাবর ইফতেখার জানিয়েছেন, ‘আমাদের ভূখণ্ড থেকে যেকোনো মূল্যে সন্ত্রাসীদের বিতাড়িত করতে সশস্ত্র বাহিনী বদ্ধপরিকর।’

এর আগে চলতি মাসের শুরুতে তিনি জানিয়েছিলেন, ২০২১ সালে বিভিন্ন অভিযানে পাকিস্তানের সামরিক বাহিনীর ২৪৮ জন কর্মকর্তা ও সেনাসদস্য নিহত হয়েছেন।

উল্লেখ্য, দিন দু’য়েক আগে পাকিস্তানের আরেক শহর লাহোরে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হন। বেলুচিস্তান-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠী এই আক্রমণের দায় স্বীকার করে। এরপরই পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশে সেনা তল্লাশি চৌকিতে হামলার ঘটনা ঘটলো।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading