ঢাকায় চালু হচ্ছে সিসি ক্যামেরা নেটওয়ার্ক, মনিটরিং হবে পুরো শহর
উত্তরদক্ষিণ। বুধবার (২৯ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:৫৫
নাগরিক সেবা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশের পেশাগত দক্ষতা উন্নয়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৯টি অ্যাপ ও সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ১১ হাজার সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ঢাকা মনিটরিং করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ডিএমপি সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে এসব অ্যাপ ও সফটওয়্যারের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
উদ্বোধন করা সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে—এআই বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিএমপি ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, ডিএমপি এমপ্লয়ি পারফরমেন্স ইভ্যালুয়েশন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ।
এ সময় আইজিপি বলেন, প্রযুক্তি শুধু উন্নয়নের সহায়ক নয়, এটি অপরাধের ধরনও বদলে দিচ্ছে। অপরাধীরা নতুন কৌশল ব্যবহার করছে, তাই পুলিশ বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এসব সফটওয়্যার আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও জানান, এআই-ভিত্তিক ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণ ব্যবস্থা দ্রুত অপরাধ চিহ্নিত করতে সহায়তা করবে, এতে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
ইউডি/এবি

