চাঁদপুরে দুই নৌযানের সংঘর্ষে নিহত ৫
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ । আপডেট ১২:৫৫
চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদীতে মাটিবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই একটি নৌযানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ সোমবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুন্সিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর নৌ থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম।
নিহতরা হলেন- শ্রমিক মোবাকর হোসেন (৩৫), মো. আজমল (৩২), নুরুল ইসলাম (৩১), আল আমিন (২৮) ও নাজির (২৬)। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর ও তিতাস উপজেলায়। সবাই ট্রলারের যাত্রী ছিলেন।
ওসি বলেন, “আজ সকাল সাড়ে ৭টায় রামপুরচর থেকে মাটিবোঝাই একটি ট্রলার বাগাদী হয়ে মৈশাদী এলাকায় যাচ্ছিল। পথে বাগাদি মোমিনপুর এলাকা অতিক্রম করার পরই বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১১ জন মাটিকাটার শ্রমিকের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচজন নিহত হয়।”
তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় ট্রলারের উপরে কিছু যাত্রী ছিলেন আর কিছু যাত্রী ছিলেন ভিতরে। হয়তো ভিতরে যারা ছিলেন তারাই আটকা পড়েছেন।” মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

