সাদা ঘোড়ায় চেপে ছুটলেন কিম জং উন

সাদা ঘোড়ায় চেপে ছুটলেন কিম জং উন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:০০

সাদা ঘোড়ায় চেপে জঙ্গলের মধ্য দিয়ে ছুটছেন কিম জং উন; এমন একটি প্রচারণা ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক উপেক্ষা করে তার অর্থনৈতিক নেতৃত্বে দেশটির ছুটে চলার কথা বলছে এই ভিডিও।

রেকর্ড সাতটি অস্ত্র পরীক্ষার মাধ্যমে নতুন বছরের শুরু করেছে পিয়ংইয়ং। এর মধ্যে ২০১৭ সালের পর সবচেয়ে শক্তিশালী এক ক্ষেপণাস্ত্রও রয়েছে। যে কারণে কিম জং উন দূরপাল্লার অথবা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।

চলতি সপ্তাহে প্রকাশিত দেশটির সরকারি এক তথ্যচিত্রে উত্তর কোরিয়ার বিপর্যস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে কিমের লড়াই তুলে ধরা হয়েছে। বছরের পর বছর ধরে চলে আসা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং করোনাভাইরাস মহামারির কারণে দেশটির অর্থনীতি ধুঁকছে।

ওয়াশিংটন-ভিত্তিক স্টিমসন সেন্টারের ৩৮ নর্থ কর্মসূচির অনাবাসিক ফেলো রাচেল মিনইয়ং লি বলেছেন, তথ্যচিত্রে ঘোড়ায় চড়ার এই থিম মানুষের জন্য কিম জং উনের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠাকে তুলে ধরতে বেছে নেওয়া হয়ে থাকতে পারে।

পুরো ভিডিওতে কিমের সাদা ঘোড়ায় চড়ে জঙ্গলে ছুটে চলার দৃশ্য দেখানো হয়েছে। সাদা ঘোড়ায় চড়ে বেড়ানোকে কিম পরিবারের রাজকীয় শাসনের প্রধান প্রতীক হিসাবে দেখা হয়।

লি বলেন, কিন্তু আমি মনে করি না ঘোড়ার দৃশ্যে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া উচিত। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পরীক্ষার পরিকল্পনার সাথে এর সম্পর্কও করা উচিত নয়।

ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মু-জিন বলেছেন, এটি কিম জং উনকে মানবিক করে তোলার একটি প্রচেষ্টা। তারা কিম জং উনকে এমন একজন নেতা হিসাবে চিত্রায়িত করার চেষ্টা করছেন, যার জনগণের জন্য অনেক ভালোবাসা আছে। যিনি প্রায়ই অতিরিক্ত কাজ করেন এবং ক্লান্ত হয়ে পড়েন।

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের ৮০তম জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। আগামী ফেব্রুয়ারিতে তার এই জন্মদিন পালিত হবে। এর পাশাপাশি আগামী এপ্রিলে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের শততম জন্মবার্ষিকী পালনের প্রস্তুতিও নিচ্ছে উত্তর কোরিয়া। সূত্র: এএফপি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading