‘শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অবাধ স্বাধীনতা দিতে হবে’
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০১ মে, ২০২৬, আপডেট ১৪:২৫
আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা, দোয়া মাহফিল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৯টায় শহরের আজাদী ময়দানে বিআরইএলের কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার আয়োজনে এই দিবসটি পালন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাড. রনজু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য অ্যাড. নূরুল ইসলাম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কবির উদ্দিনের সঞ্চালনায় জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ফেরদৌসুর রহমান, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কাশেম জনি, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাবিবুর রহমান, জেলার সহ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইসলামের দৃষ্টিতে সকল শ্রমিককে একই দৃষ্টিতে দেখা হয়। ইসলামে বলা হয়েছে, শ্রমিকদের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের শ্রমের মূল্য পরিশোধ করতে হবে। শ্রমিকরা আমাদের দেশে নির্যাতিত হচ্ছে। শ্রমিকরা আজও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আজকে শ্রমিক দিবস থেকে দাবি জানিয়ে বলতে চাই, শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে। শ্রমিকদের মৌলিক অধিকার দিতে হবে। শ্রমিকরা কোন দুর্ঘটনায় পতিত হলে ক্ষতিপূরণ দিতে হবে, রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অবাধ স্বাধীনতা দিতে হবে।
এসময় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচিগুলোতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি জানানো হয়। দেশের সকল সেক্টরে অবিলম্বে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জোরালো দাবি জানানো হয়।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শ্রমিকদের অধিকার আদায়ে শাহাদাত বরণকারী শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মো. ফেরদৌসুর রহমান।
দোয়া শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আজাদী ময়দান থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
ইউডি/রেজা

