নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি সম্পন্ন, বাড়ছে নেতাকর্মীদের উপস্থিতি
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০১ মে, ২০২৬, আপডেট ১৪:৫৯
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশের সব আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা।
সকালে নয়াপল্টনের সড়কে প্রবল বর্ষণে পানি জমলেও দুপুরের আগেই তা নেমে যায়। সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মীর করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
বিএনপির কার্যালয়ের সামনে ইতোমধ্যে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বিছানো হয়েছে লাল কার্পেট। উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে।
আয়োজকেরা জানান, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হওয়ায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
সমাবেশের প্রস্তুতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারপরও সব আয়োজন শেষ হয়েছে। মঞ্চ প্রস্তুত, সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে। এই সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের নেতা তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেজন্যই এই সমাবেশের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, মহান মে দিবসের এই শ্রমিক সমাবেশে স্মরণকালের মানুষের সমাগম ঘটবে।’
বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।
সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলোর কলকারখানা থেকেও শ্রমিকেরা ঢাকায় এসেছেন জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব মো. বদরুল আলম সবুজ বলেন, ‘বেলা আড়াইটায় আমরা সমাবেশের কার্যক্রম শুরু করব। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ প্রভৃতি জেলার শিল্প-কলকারখানার শ্রমিকেরা এই সমাবেশে অংশ নেবেন।’
ইউডি/রেজা

