সিলেটকে ৯ উইকেটে হারাল খুলনা

সিলেটকে ৯ উইকেটে হারাল খুলনা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:৪০

আবারও ব্যর্থ সিলেট সানরাইজার্স। আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকার ঝড়ে খুলনার কাছে উড়ে গেছে তারা। ঢাকায় ফেরা বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে খুলনা জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর সাড়ে ১২টায় মাঠে গড়ায়। যেখানে মোহাম্মদ মিঠুনের ঝড়ো ব্যাটিংয়ে প্রথমে ব্যাট করা সিলেট নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান করে। ১৪৩ রানের টার্গেটে খুলনা এক উইকেট হারিয়ে পৌঁছে যায় ১৪.২ ওভারেই।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে খুলনার হয়ে ওপেনার সৌম্য সরকার ও আন্দ্রে ফ্লেচার উদ্বোধনী জুটিতে ৯৯ রান তোলেন। ৩১ বলে ৬ চার ও এক ছক্কায় ৪৩ রান করে সৌম্য বিদায় নিলেও ফ্লেচার ৪৭ বলে ৫টি চার ও সমান ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন। থিসারা পেরেরা ৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

টস হেরে এর আগে ব্যাটিংয়ে নেমে সিলেটের শুরুটা অবশ্য ভালো হয়নি। সিলেটের হাল ধরেন মিঠুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। চতুর্থ উইকেট জুটিতে তারা ৫০ বলে ৬৮ রান তোলেন। মোসাদ্দেক ৩০ বলে ৩৪ রানে ফেরেন। তবে শেষ ওভার পর্যন্ত ব্যাট করা মিঠুন ঝড় তোলেন। ৫১ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭২ রানের দারুণ ইনিংস উপহার দেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading