রামপুরায় লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১২:৪৫
রাজধানীর রামপুরায় তেলের লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে রামপুরা ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান। নিহত আবু নাসেরের (৩৮) গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীর বড়পাড়ায়। ঢাকায় তিনি থাকতেন মানিকনগর এলাকায়, একটি হোটেলে তিনি ম্যানেজার হিসেবে চাকরি করতেন।
ওসি বলেন, “মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ টেলিভিশন ভবনের দিকে যাচ্ছিলেন নাসের, তেলের লরিটিও একই দিকে যাচ্ছিল। লরিটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। নাসের নিচে পড়ে যান এবং তার মাথা লরির চাকার নিচে পড়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নাসেরকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লরিটি জব্দ করেছে পুলিশ। চালক মো. নুরুল ইসলাম (৪০) ও তার সহকারী মো. ইমরান হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
ইউডি/সুস্মিত

