দিনে চালাতেন গাড়ি, রাত হলেই ছিনতাই

দিনে চালাতেন গাড়ি, রাত হলেই ছিনতাই

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:৫৬

সাভারে টাকা ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএনবি থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ওয়াছকুরুনী (২২)। তার বাড়ি শেরপুর জেলায়। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল হোসেন।

পুলিশ জানায়, রাতে সিএনবি এলাকায় এক ভ্যানচালক বিভিন্ন দোকানে মালামাল পৌঁছে দিয়ে দোকান থেকে নগদ এক লাখ ৫৩ হাজার ৪৯৬ টাকা নিয়ে সাভারে আসছিলেন। এসময় ওয়াছকুরুনী ওই ভ্যান চালককে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। এসময় ওই ভ্যান চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওয়াছকুরুনীকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের পরে একদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আটক ছিনতাইকারী দিনের বেলায় বিভিন্ন ভাড়ায় গাড়ি চালাতেন, রাত নামলেই তিনি বেশ কয়েকজনকে নিয়ে মহাসড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হন। তার সাথে অন্য কেউ ছিনতাইয়ের সাথে জড়িত আছেন কিনা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এছাড়া আজ সাভারে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামিকে আটক করেছে পুলিশ।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading