সূর্যাস্তের অপেক্ষায় মমতা
উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ মে, ২০২৬, আপডেট ১৫:৫৭
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাঝপথে ফেসবুকে এসে একটি ভিডিও বার্তায় সবাইকে আত্মবিশ্বাসী থাকার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, ‘আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন রাউন্ড চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ রাউন্ড থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন।’
সোমবার (০৪ মে) বাংলাদেশ সময় দুপুর একটার দিকে মমতা বলেন, ‘‘এটা আমি আগেই বলেছি। ওদের জয়ের খবরটা আগে দেখাবে। এটা বিজেপির কৌশল।’’
মমতা বলেন, যেগুলোতে আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যা নিউজ খাওয়াচ্ছে। ইলেকশন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে।
‘সুতরাং আমি বলব, মন খারাপ করার কারণ নেই। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ; আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’
মমতা যখন এসব কথা বলছিলেন, তখন তাকে বেশ চিন্তিত মনে হয়। হাতজোড় করে নিজ কর্মীদের তিনি বলেন, ‘‘দয়া করে কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থীরা কেন্দ্র থেকে আসবে না। যেখানে কাউন্টিং হচ্ছে, সেখান থেকে আসবে না।’’
‘‘আমি দুই-তিন দিন ধরে বলছি, ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটা মেশিন।’’
মমতা এসব কথা বললেও দুপুর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে গেরুয়া আবির উৎসব। এসআইআরের ফলে মনে করা হচ্ছিল, মুসলিম ভোট তৃণমূলের দিকে বিরাটভাবে ঝুঁকে পড়বে। কিন্তু গণনার ট্রেন্ড দেখে মনে হচ্ছে, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর চব্বিশ পরগনায় মুসলিম ভোট কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এসএফআইয়ের মধ্যে বণ্টন হয়েছে।
ইন্ডিয়ান গণমাধ্যমের তথ্য বলছে, ইতিমধ্যে ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে বিজেপি। দলটি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের আশায় রয়েছে।
ইউডি/রেজা

