মনে হচ্ছে মাকে হারালাম: কুমার শানু

মনে হচ্ছে মাকে হারালাম: কুমার শানু

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:১৫

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই। রোববার (৬ ফেব্রুয়ারি) মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান ঘটে ভারতরত্নের। শনিবার থেকেই বলিউডের নাইটিঙ্গেলের শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। টানা ২৯ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন লতা।

সুর সম্রাজ্ঞীর প্রয়াণের খবরে মর্মাহত গোটা উপমহাদেশ। শোকপ্রকাশ করলেন কুমার শানুও। এদিন সংবাদ মাধ্যমকে শানু বলেন, ‘লতা জি আর নেই। মনে হচ্ছে মা-কে হারালাম। আমি প্রচুর গান রেকর্ড করেছি ওনার সঙ্গে। প্রথমবার একসঙ্গে গেয়েছিলাম নয়া শাওন গানটি। উনি আমার পাশে দাঁড়িয়ে গেয়েছিলেন ওই গানটি। আজও মনে আছে ওইদিন কতটা ভয় করছিল। তবে উনি আমাকে সাহস যুগিয়েছিলেন। তারপর তো একসঙ্গে বহু গান গেয়েছি।’

এদিন ফেসবুকে শানু লেখেন, ‘লতা দিদির প্রয়াণের খবরে আমি মর্মাহত। কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। আমিসহ সকল গায়কদের কাছে তিনি মা সরস্বতী ছিলেন। সংগীত জগতের কাছে আশীর্বাদ স্বরূপ ছিলেন তিনি। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিন, এটিই প্রার্থনা করি। ওম শান্তি।’

এদিন দুপুরে লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে যাওয়া হয় তার পেডার রোডের বাড়িতে অর্থাৎ প্রভুকুঞ্জে। এরপর কোকিলকণ্ঠীর মরদেহ নিয়ে যাওয়া হয় শিবাজী পার্কে। সেখানেই সমাধিস্থ করা হবে তাকে।

কিংবদন্তির মৃত্যুর পরে শোকে বিহ্বল গোটা ভারত। দুদিন রাষ্ট্রীয় শোক প্রকাশ করা হবে। এমনটাই জানিয়েছে ভারত সরকার।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এ শোক ভাষায় ব্যক্ত করতে পারব না। আমার আদরের লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তার প্রয়াণে এমন একটি শূন্যস্থান তৈরি হল, যা পূরণ করা যাবে না। লতা দিদির কাছ থেকে যে অগাধ স্নেহ পেয়েছি তা আমার কাছে সম্মানের।’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading