পানির দাম বাড়ানো হলে তা হবে ‘গণবিরোধী সিদ্ধান্ত’ : জিএম কাদের
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:২৫
পানির দাম বাড়ানো হলে তা হবে ‘গণবিরোধী সিদ্ধান্ত’ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এক দলীয় সভায় তিনি বলেছেন, পানির দাম বাড়ালে মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। তাই কোনোভাবেই পানির দাম বাড়ানো ঠিক হবে না। সম্প্রতি ওয়াসা দাম বাড়ানোর যে প্রস্তাব করেছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
ঢাকায় নগরবাসীকে সরবরাহ করা পানির দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা। বুধবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের অতিরিক্ত মহাসচিবদের এক সভায় সংসদের বিরোধীদলী উপনেতা জি এম কাদের পানির দাম নিয়ে কথা বলেন।
তিনি বলেন, মহামারী করোনার কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। চাকরি ও ব্যবসা হারিয়ে দেশে বেকারের সংখ্যা কয়েক কোটি। এমন বাস্তবতায় সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। আবার প্রতিদিনই দ্রব্যমূল্য বেড়ে আকাশচুম্বি হয়ে পড়েছে। সাধারণ মানুষের অভিযোগ, রাজধানীর অনেকেই প্রতি মাসে পানির বিল দিয়ে প্রয়োজন মত পানি পাচ্ছেন না। আবার অনেকের অভিযোগ, ওয়াসা লাইনের পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তা পান করা যায় না।
জি এম কাদের বলেন, ঢাকা ওয়াসা নিজস্ব আয় দিয়ে পরিচালন ব্যয় ও উন্নয়ন প্রকল্পের ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে, এ অজুহাতে পানির দাম বৃদ্ধি করা কখনোই যৌক্তিক হতে পারে না। বিভিন্ন গণমাধ্যম ও সাধারণ মানুষের অভিযোগে জানা যায়, ওয়াসার বিভিন্ন খাতে দুর্নীতি ও অপচয়ের কারণে অযৌক্তিক হারে উন্নয়ন ও পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। সেটা পুষিয়ে নিতেই জনগণের ঘাড়ে অতিরিক্ত হারে পানির দাম চাপিয়ে দেওয়া হচ্ছে।
ইউডি/সুপ্ত

