এক দি‌নে কো‌টি টিকা: প্রথম ডোজ শেষ হ‌চ্ছে ২৬ ফেব্রুয়া‌রি

এক দি‌নে কো‌টি টিকা: প্রথম ডোজ শেষ হ‌চ্ছে ২৬ ফেব্রুয়া‌রি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:১০

করোনা প্রতিরোধে দেশে চলমান টিকা কর্মসূচিতে প্রথম ডোজ টিকা প্রয়োগ কার্যক্রম আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্ত‌রের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ‘একদিনে এক কোটি’ টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রথম ডোজ টিকাদান সম্পন্ন হবে। এরপর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ কার্যক্রম আরও জোরদার করা হবে। যারা এখনও টিকা নেননি আজই নিকটস্থ কেন্দ্র থেকে ভ্যাক্সিন নিন, সুরক্ষিত থাকুন।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছেন; তাদের বেশিরভাগই টিকা নেননি। আমরা দেখেছি, যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে মৃত্যুর হার খুব কম। এই অবস্থায় আমরা আহ্বান করছি দ্রুততম সময়ে সবাই টিকা নিন। এর মাধ্যমে নিজে সুরক্ষিত থাকুন ও দেশকে সুরক্ষিত রাখুন।

খুরশীদ আলম আরও বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী একটি ক্যাম্পেইন করবো, সেখানে লক্ষ্যমাত্রা রেখেছি সর্বোচ্চ সংখ্যক টিকা দেওয়ার। সেক্ষেত্রে যারা এখনো টিকা নেয়নি, আমরা তাদের সবাইকে আহ্বান করছি; আপনারা এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিয়ে নিন। এর মাধ্যমেই আমাদের প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।

সর্বশেষ সোমবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত রাজধানীসহ সারা দেশে বিভিন্ন ধরনের ১৭ কোটি ৫০ লাখ ৮১ হাজার ২৬২ ডোজ টিকাদান করা হয়। মোট টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজ ১০ কোটি ৯ লাখ ১১ হাজার ২১ জন, দ্বিতীয় ডোজ ৭ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৭২১ জন ও বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা ২৬ লাখ ৯৪ হাজার ৫২০ জন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading