সারের দাম বাড়ানো-কমানোর প্রস্তাব আসেনি: অর্থমন্ত্রী

সারের দাম বাড়ানো-কমানোর প্রস্তাব আসেনি: অর্থমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:৪৫

দেশে সারের দাম বাড়ানো বা কমানোর কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, দাম বৃদ্ধির বিষয়ে কোনো প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ের কাছে এলে জানতে পারতাম যে, আমাদের কী পরিমাণ অর্থ লাগবে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন অর্থমন্ত্রী।

কৃষিমন্ত্রী জানিয়েছেন, সারে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি লাগবে। আপনারা সারের দাম বাড়াতে চাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সারের দাম বাড়ানোর কথা কে বলেছে? তিনি যদি ইঙ্গিত দিয়ে থাকেন আমার জানা নেই, আপনারা (গণমাধ্যম) কৃষিমন্ত্রীর সঙ্গে আলাপ করুন। অর্থ মন্ত্রণালয় থেকে সবসময় দেশের, সরকারের ও জনগণের অর্থ আমরা দেখাশোনা করি, এই ম্যানেজমেন্টের দায়িত্ব আমাদের।

মুস্তফা কামাল বলেন, দিনশেষে অর্থ মন্ত্রণালয়কে বিভিন্ন উপায়ে অর্থের যোগান দিতে হয়। যদি এভাবে ঘাটতি পড়তে থাকে, তাহলে ঘাটতি পূরণের জন্য ব্যবস্থা নিতে হবে।

ভর্তুকি কমানোর জন্য আপনার পরামর্শ কী, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তে টোটাল অ্যামাউন্ট কী পরিমাণ লাগবে সেটা আমি জানি না। দাম বাড়ানো বা কমানোর কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি। এলে হয়তো জানতে পারতাম, বা জানতে পারব আমাদের কী পরিমাণ অর্থ লাগবে। আমার সেজন্য অপেক্ষা করতে হবে।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কৃষি ও পল্লী ঋণের জন্য ১০ বছর মেয়াদে এক হাজার কোটি টাকা চেয়েছে, সেটা দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আনসার ভিডিপি ব্যাংক থেকে সাহায্য সহযোগিতা চাচ্ছে, এ বিষয়ে আমি এখনও চিঠি পাইনি। আমি আমাদের যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেখানে যোগাযোগ করে দেখব কবে চিঠি পেয়েছি। তাদের এক্স্যাক্ট প্রস্তাবটা কী, সেটা জেনে আপনাদের অবহিত করব। তবে যদি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিবেচনায় তাদের প্রস্তাবনা যথাযথ হয় তাহলে অবশ্যই তাদের অ্যাকোমোডেট করা হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading