আইফোনের ক্যামেরায় সিনেমা বানালো অ্যাপল
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:২৫
জনপ্রিয় কোরিয়ান পরিচালক পার্ক চ্যান-উক একটি স্বল্পদৈর্ঘের চলচ্চিত্র বানিয়েছেন যারা পুরোটাই ধারণ করা হয়েছে আইফোনে। ‘শট-অন-আইফোন’ প্রচারণার অংশ হিসেবে চলচ্চিত্রটি তৈরি করিয়েছে অ্যাপল।
অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ওল্ডবয়” খ্যাত পার্কের তৈরি ‘লাইফ ইজ বাট এ ড্রিম’ সিনেমাটির দৈর্ঘ্য ২০ মিনিট। এর শুটিং ধারণে আইফোন ১৩ প্রো ব্যবহার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।
লাইফ ইজ বাট এ ড্রিম সিনেমাটি ইউটিউবে মুক্তি পেয়েছে।
ভৌতিক আবহে শুরু হওয়া সিনেমায় দেখা যায় একজন গোরখোদক কফিন চুরির উদ্দেশ্যে একটি কবর খুঁড়তে শুরু করেন। এ কাজ করতে গিয়ে তিনি একজন একজন মৃত সৈনিকের আত্মাকে জাগিয়ে তোলেন যার অস্ত্র ছিল তলোয়ার। সেই আত্মা আবার জাগিয়ে তোলে এক বীরের আত্মাকে যিনি মারা গিয়েছিলেন ওই গোরখোদকের গ্রামকে বাঁচাতে গিয়ে। ঘটনা ক্রমশ অ্যাকশন, রোমান্স, ডার্ক কমেডি, নাচ এবং পানসোরি বা মিউজিকের ব্যবহারে গল্প বলার একটি কোরিয়ান ঘরানার মিশ্রণ হয়ে ওঠে।
অ্যাপল সিনেমাটির পাশাপাশি একটি বিহাইন্ড দ্য সিন ভিডিও-ও প্রকাশ করেছে। সেখানে দেখা যাবে পরিচালক পার্ক এবং তার ক্রুরা শুটিংয়ের জন্য গিম্বল এবং মাউন্টের ওপর আইফোন ১৩ প্রো ব্যবহার করছেন।
ক্রুরা বিশেষভাবে ফোনের দ্রুত ফোকাস পরিবর্তন, ব্যাকগ্রাউন্ডকে ঝাপসা করে দেওয়ার ক্ষমতা এবং কম আলোয় শুটিংয়ে ফোনের দক্ষতার প্রশংসা করেছেন।
বিহাইন্ড দ্য সিন ভিডিওতে পরিচালক পার্ক বলেন, এই গল্পটি তিনি দীর্ঘদিন বলতে চেয়েছেন। কিন্তু যখন এই সিনেমার ধারণা নিয়ে কাজ করছিলেন তখনও নির্দিষ্ট কোনো ক্যামেরা নিয়ে ভাবেননি।
ইউডি/সুস্মিত

