বিপিএল ফাইনালে খেলতে বাধা নেই সাকিবের

বিপিএল ফাইনালে খেলতে বাধা নেই সাকিবের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৪০

আজ (শুক্রবার) মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ। এই ম্যাচের আগে গতকাল (বৃহস্পতিবার) জৈব সুরক্ষা বলয় ভেঙে টিম হোটেলের বাইরে যান সাকিব আল হাসান। একটি বিজ্ঞাপনের জন্য শুটিংয়ে অংশ নেন। সে হিসেবে আজ ফাইনাল খেলতে হলে নিজের করোনাভাইরাস নেগেটিভের সনদ দেখাতে হতো।

ফাইনালের আগে করোনাভাইরাস পরীক্ষা দিয়ে নেগেটিভ হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক। ফলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বিপিএল ফাইনালে খেলতে কোনো বাধা নেই সাকিবের।

এবারের বিপিএলে সে অর্থে নেই জৈব সুরক্ষা বলয়। ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রটোকলে অনুষ্ঠিত হয়েছে আসরটি। কড়াকড়ি কমিয়ে ক্রিকেটারদের সুবিধার্থেই নেওয়া হয় এই সুরক্ষা নীতি। তবে নিয়ম অুনযায়ী, কেউ টিম হোলেটের বাইরে গেলে তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে।

বিপিএলের ফাইনালের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনের সূচি রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে অফিসিয়াল ফটোসেশন আর প্রেস কনফারেন্স। নিয়মানুযায়ী এখানে উপস্থিত থাকার কথা ফাইনালে মুখোমুখি হতে যাওয়া দুই দলের অধিনায়কের। তবে কুমিল্লার ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস হাজির হলেও অনুপস্থিত ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব।

পরে বরিশালের দলের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, পেটের পীড়ায় ভুগছেন সাকিব। এজন্য অনুশীলনে এসেননি, উপস্থিত হতে পারেননি ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। তার পরিবর্তে নুরুল হাসান সোহান সামলালেন এই দায়িত্ব। তবে সোহান জানালেন ভিন্ন কথা, হোটেল থেকে মাঠে ফেরার পথে সাকিবকে জিমে দেখে এসেছেন তিনি। সাকিব যে অসুস্থ, সে খবর নেই সোহানের কাছে।

এরপর জানা যায়, নিয়মের তোয়াক্কা না করে শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাকিব। পরিচালক অমিতাভ রেজার সঙ্গে একটি কোমল পানীয়র বিজ্ঞাপনের শুটিং করেন তিনি।

সাকিবের ফটোসেশনে অংশ না নেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৯ বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশনে অনুপস্থিত ছিলেন সাকিব।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading