রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে ইউক্রেন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:১০
বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে নতুন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পর রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ইউক্রেন ছিন্ন করতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এস্তোনিয়ার প্রেসিডেন্টকে পাশে নিয়ে জেলেনস্কি বলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে সম্পর্ক ছিন্ন করার অনুরোধ বিবেচনা করে দেখছেন।
তিনি ইউক্রেনের মিত্রদেশগুলোকেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ হওয়া পর্যন্ত অপেক্ষা করে না থাকার আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে অনুরোধ পেয়েছি। ইউক্রেন এবং রাশিয়া ফেডারেশনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি আমি বিবেচনা করে দেখব।
সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চলকে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে পুতিনের ঘোষণা এবং কয়েক ঘণ্টার মধ্যে সেখানে সেনা পাঠানোর নির্দেশ আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে মার্কিন নিষেধাজ্ঞাও আরোপ হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোতে আমেরিকার ব্যবসায়িক কর্মকাণ্ড বন্ধে একটি নির্বাহী আদেশ সই করছেন। আমেরিকা এবং এর ইউরোপীয় মিত্রদেশগুলো মঙ্গলবারেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে চলেছে।
ইউডি/সুপ্ত

