প্রধানমন্ত্রী মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করবেন বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করবেন বৃহস্পতিবার

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন, ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদেরকে পুরস্কৃত করবেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচিত ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। মুজিববর্ষে প্রকাশিত এগারটি গ্রন্থের মোড়ক উন্মোচন পর্বে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক প্রকাশনা ও অনুবাদ উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফকরুল আলম এবং প্রকাশনা ও সাহিত্য অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক আবুল মাল আবদুল মুহিত।

গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচনের সময় মঞ্চে উপস্থিত থেকে মোড়ক উন্মোচনে অংশ নেবেন প্রকাশিত গ্রন্থসমূহের সম্মানিত সম্পাদকবৃন্দ। এরপর ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading