১৫০ দেশে ‘রিলস’ ফিচার উন্মুক্ত করল ফেসবুক
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:৫০
বর্তমান প্রযুক্তি বাজারের সবচেয়ে দ্রুত বর্ধনশীল কনটেন্ট ফরম্যাট ‘রিলস’ ফিচার। সংক্ষিপ্ত ভিডিও’র এই ফরম্যাটটি এবার একযোগে ১৫০ দেশে চালু করছে ফেসবুক। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ব্যাপক পরিসরে ‘রিলস’ ফিচারটি চালু করার ঘোষণা দিয়েছে। ২০২১ সালে বিতর্ক আর সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। ভাটা পড়েছে প্ল্যাটফর্মটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যায়। বছর শেষে মেটা’র বাজারমূল্য কমেছে এক-তৃতীয়াংশ। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি ‘রিলস’-এর উপরই বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
মেটা ইনস্টাগ্রামে ‘রিলস’ ফিচার এনেছে ২০২০ সালে। আর ফেসবুকে ফিচারটি সীমিত পরিসরে চালু হয়েছে ২০২১ সালে। মূলত চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপ টিকটকের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতার জন্যই ফিচারটি চালু করেছে বিশ্বের শীর্ষ সামাজিক মাধ্যমটি।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এখন পর্যন্ত আমাদের সবচেয়ে দ্রুত বর্ধনশীল কনটেন্ট ফরম্যাট হচ্ছে ‘রিলস’। আজ থেকে আমরা ফিচারটিকে বিশ্বের সব ফেসবুক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করছি।
প্রতিষ্ঠানটি বলছে, তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা যতো সময় কাটান তার অর্ধেক খরচ করেন ভিডিও দেখে। ‘রিলস’-এর মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের আয়ের নতুন উপায়ের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। কনটেন্ট নির্মাতাদের অণুপ্রাণিত করতে বোনাস দেয়ার প্রকল্পের পরিসর আরো কয়েকটি দেশে বাড়ানোর ঘোষণা দিয়েছে মেটা। এ ছাড়াও নির্মাতারা যেন বিজ্ঞাপন থেকে আয় করতে পারেন সে জন্য ব্যানার ও স্টিকারের উপর বিজ্ঞাপন বসানোর ফিচার নিয়েও পরীক্ষা চালাচ্ছে ফেসবুক।
ইউডি/সুপ্ত

