ম্যাচ জিতব এটা ভাবিনি: তামিম ইকবাল
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২১:৩০
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ব্যাকফুটে চলে যাবার পরও ৭ বল হাতে রেখে ৪ উইকেটের দুর্দান্ত জয়ের পর যেন মুক্তির শ্বাস ফেলেন কাপ্তান তামিম ইকবাল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানান, এটা ছিল অভাবনীয়।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ম্যাচ জিতব, এই বিশ্বাস ছিল কি না? সত্যি বলতে না। আমি ভাবিনি। যদি বলি আমার বিশ্বাস ছিল জিতব, তাহলে মিথ্যে বলব। ২১৬ রান তাড়ায় ৪৫ রানে ৬ উইকেট নেই, এখান থেকে জেতা অনেক কঠিন। আমি খুব, খুব খুশি। কেবল জিতেছি বলেই নয়, দুই তরুণ যেভাবে ব্যাট করেছে এর জন্যও। অবিশ্বাস্য। এটা বর্ণনার কোনো ভাষা আমার জানা নেই। আমি খুব খুশি ও গর্বিত।
শুরুতে বাংলাদেশকে কাঁপিয়ে দেন পেসার ফজলহক ফারুকি। উইকেট নেন দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খানও। কিন্তু আফিফ ও মিরাজকে বিচ্ছিন্ন করতে পারেননি কেউই। আফগানদের বোলিং আক্রমণের সামর্থ্যের জন্য ম্যাচ জেতানো এই জুটিকে আরও বেশি কৃতিত্ব দিচ্ছেন তামিম।
তামিম বলেন, এটা সহজ ছিল না। আমি সব সময়ই বলি, ওদের বোলিং আক্রমণ দুর্দান্ত। বিশেষ করে ওদের স্পিন বোলিং। আর যেভাবে বোলিং আক্রমণ ওরা সামাল দিয়েছে, দেখতে ভীষণ ভালো লেগেছে। আর এটা থেকে শেখারও আছে আমাদের। আমার মনে হয়, এটাই ওদের শেষ নয়, কেবল শুরু। আমাদের দলকে আরও অনেক ম্যাচ জেতাতে হবে ওদের। আমি খুব গর্বিত ও খুশি।
ইউডি/সুপ্ত

