ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৪:৫৫
এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনারা। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে শহরটির বিভিন্ন সড়কে এখন তুমুল লড়াই চলছে। খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, প্রতিরোধ ভেঙ্গে রুশ হালকা সামরিক যান শহরটিতে ঢুকে পড়েছে।
তার বক্তব্যের আগেই একটি ভিডিও ফুটেজে উত্তর-পূর্বের এ শহরটির রাস্তায় বেশ কয়েকটি রুশ সামরিক যান চলাচল করতে দেখা যায়। সিনেগুবভ পরে এ তথ্য নিশ্চিত করে জানান, রুশ সেনাদের শহরের কেন্দ্রে দেখা গেছে। বাসিন্দাদের ঘরের ভেতর থাকতেও আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, আশ্রয়স্থান ছাড়বেন না। ইউক্রেনের সশস্ত্র বাহিনী শত্রুদের নির্মূল করছে। বেসামরিকদের রাস্তায় না আসতে বলা হচ্ছে।
রবিবার (২৭ ফেবুয়ারি) রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর নোভা কাহোভকা দখলে নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। শহরটি ছোট হলেও এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নিপার নদীর তীরে অবস্থিত।
ইউডি/সুপ্ত

