টাইগারদের জয় বদলে দেবে অনেক সমীকরণ

টাইগারদের জয় বদলে দেবে অনেক সমীকরণ

আসাদুজ্জামান সুপ্ত । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:৪৫

একদিনের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ফেভারিটের তকমা গাঁয়ে নিয়েই মাঠে নেমেছিলো স্বাগতিক বাংলাদেশ। একে তো এই ফরম্যাটে এখন ঘরের মাঠে প্রায় অপ্রতিরোধ্য তামিম ইকবালের দল। অন্যদিকে প্রতিপক্ষ আফগানদের বিপক্ষে এই ফরম্যাটে ছিলো অতীতের সুখস্মৃতি। আর সিরিজের প্রথম দুম্যাচ শেষে ফেভারিট তকমায় কোনো ছেঁদ পড়েনি টাইগারদের। ২-০ তে ইতোমধ্যেই নিজেদের পকেটে পুড়েছে আফিফ-মিরাজরা। কাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুদল। রশীদ-নবীরা চাইবে শেষ ম্যাচটি জিতে ধবলধোলাইয়ের লজ্জা থেকে রেহাই পেতে। অন্যদিকে তামিম-সাকিবদের দৃষ্টি ১০ পয়েন্ট। যদি ১০ পয়েন্ট নিশ্চিত হয় তবে ধবলধোলাইয়তো এমনিতেই হয়ে যাবে। এছাড়া তৃতীয় ম্যাচের জয় পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে দিবে বাংলাদেশকে। আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

মাঠের পারফরম্যান্সের দিকে তাকালে সোমবারের এই ম্যাচেও এগিয়ে থেকে শুরু করবে টাইগাররা। এর আগে ওয়ানডেতে জিম্বাবুয়ে, পাকিস্তান, নিউ জিল্যান্ড, উইন্ডিজের মতো প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের স্বাদ দিয়েছে। কাল ম্যাচ জিততে পারলে আফগানরাও এই স্বাদ পাবে। আর তাতে আফগানদের থেকে পাওয়া টি-টোয়েন্টির ধবলধোলাইয়ের স্বাদের মধুর প্রতিশোধও নিতে পারবে টাইগাররা। এবার সেই সুযোগ অবশ্যই লুফে নিতে প্রস্তুত টিম টাইগার্স। নতুবা আক্ষেপ রয়ে যাবে। এর আগে ২০১৬ সালে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো বাংলাদেশ-আফগানিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো বাংলাদেশ। তাই এ ম্যাচ থেকে অনেক কিছু অর্জনের সুযোগ আছে টাইগারদের। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে সাতটিতে জয় পেয়েছে।

টাইগার টিম ম্যানেজমেন্ট গুরুত্ব দিচ্ছে ১০ পয়েন্টের দিকে। সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায়, দ্বিপাক্ষিক সিরিজের প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। তাই সিরিজ জয়ের পরও হাল ছাড়ার কোন উপায় নেই বাংলাদেশের। পয়েন্টের জন্য নিজেদের সেরা দিয়ে খেলবে টাইগাররা।
ইতোমধ্যে ১০০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জয়ের পর আইসিসি সুপার লিগের শীর্ষস্থান দখল করে টাইগাররা। তবে এখনও স্বস্তি নেয়ার সুযোগ নেই। কারন সামনে বেশ কিছু কঠিন সিরিজ আছে। যদিও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করার পথে বহু দূর এগিয়ে গেছে টাইগাররা। তবে পরের সিরিজগুলোতে হার বড় সমস্যায় ফেলতে পারে বাংলাদেশকে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading