পরিকল্পনা মাফিক কাজ করলে লক্ষ্যে পৌঁছানো যায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:৩৫
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, পরিকল্পনা মাফিক কাজ করলে মানুষ অভিষ্ট্য লক্ষ্যে পৌঁছাতে পারে। কোনো প্রতিকূলতা বাধা হতে পারে না। তিনি বলেন, যে বরেন্দ্র অঞ্চলে এক সময় কোনো ফসল হতো না, আজ সেখানে ফলের বাগান হচ্ছে। বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে। সেখানকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বরেন্দ্র অঞ্চলের পরিবেশ বদলেছে। মানুষ চেষ্টা করলে পরিবেশ রক্ষা করে ফসল ফলাতে পারে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সৃজিত বাগানে সম্পৃক্ত উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, পরিকল্পনা নিয়ে কাজ করলে যে উন্নতি করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী পরিকল্পনার কারণে আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমাদের আগে অনেক দেশ স্বাধীন হয়েছে কিন্তু তা করে দেখাতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে উন্নতি হবেই। আমাদের মাটি সীমিত, আমাদের খনিজ সম্পদ সীমিত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো আমাদের তেল-গ্যাস নেই, খনিজ সম্পদ নেই। কিন্তু আমাদের আছে উর্বর ভূমি। ছাগলে না খেলে, মানুষে না কাটলে যে মাটিতে বীজ ফেলে রাখলেই গাছ হয়। সেই সোনার মাটিতে কৃষকরা পরিকল্পিতভাবে চাষাবাদ করলেই ফসল ফলে।
এসময় তিনি সবুজ বনায়নের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশকে ঠিক রাখতে হলে বনায়ন করতে হবে। ১৯৯৬ সালে প্রথমবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বনায়ন কর্মসূচি গ্রহণ করেছিল। এখন আরও সুযোগ বেড়েছে। নতুন করে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তার পুরনো গাছ কেটে ফেলা হচ্ছে। সুতরাং নতুন করে গাছ লাগানোর সুযোগ বাড়ছে।
উপকারভোগীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের দেখে এখন অন্যরা অনুপ্রাণিত হবে। এ সময় প্রতিমন্ত্রী সামাজিক বনায়নে ভূমিকা রাখার জন্য বন বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সবাইকে সামাজিক বনায়নে সহযোগিতার আহ্বান জানান।
পরে প্রতিমন্ত্রী রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সৃজিত বাগানে সম্পৃক্ত ১১৯ জন উপকারভোগীর হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন। উপকারভোগীদের মধ্যে ৮১ জন পুরুষ এবং ৩৮ জন নারী। উপকারভোগীরা এসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন ও বাঘা সামাজিক বন বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, বগুড়া সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম।
ইউডি/সিফাত

