আমাদের অগ্রগতি দেখানোর বড় সুযোগ বিশ্বকাপ: নিগার সুলতানা

আমাদের অগ্রগতি দেখানোর বড় সুযোগ বিশ্বকাপ: নিগার সুলতানা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৯:৩০

প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের এই মঞ্চে নিজেদের সবটুকু ঢেলে দিতে হাতে বেশ বড় সময় নিয়েই নিউজিল্যান্ডে গেছে বাংলার মেয়েরা। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে থেকেই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, নিজেদের সামর্থ্য দেখানোর বিশাল সুযোগ এবার। এবার তারা রোমাঞ্চ নিয়ে অপেক্ষায়।

আইসিসির এক ভিডিও বার্তায় নিগার বলেন, টিম বাংলাদেশের জন্য বড় সুযোগ এটি। আমাদের প্রথম (ওয়ানডে) বিশ্বকাপ। এই মঞ্চেই দেখাতে চাই যে আমরা উন্নতি করছি ও বিশ্ব ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। গোটা বিশ্বকে আমাদের উন্নতি ও অগ্রগতি দেখানোর বড় সুযোগ এটি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি। আমরা যে লড়াই করতে পারি এবং জিততেও পারি, এটা দেখানোর বিশাল সুযোগ এবার। নিগারের মতে, বিশ্বকাপের মতো জায়গায় তারা ভালো কিছু করতে পারলে বাংলাদেশের নতুন প্রজন্মের আরও অনেক মেয়ে আগ্রহী হবে ক্রিকেটে।

তিনি আরও বলেন, আমরা এখানে নিজেদের সেরাটা দিতে চাই এবং তরুণ ক্রিকেটারদের উৎসাহ জোগাতে চাই, যারা আমাদের ভালো পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছে। আমরা একটু একটু করে প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। প্রতিপক্ষ বুঝে নিজেদের শক্তি ও সামর্থ্যের জায়গায় ভরসা রেখে খেলতে চাই। জানি না ফলাফল কী হবে। তবে আমরা নিজেদের সেরাটা মেলে ধরতে চাই।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কাল বুধবার তারা প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading