বীর মুক্তিযোদ্ধাদের কবর বানানো হবে একই ডিজাইনে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ৬ মার্চ ২০২২ । আপডেট ১৯:১০
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে বানানো হবে। যাতে ৫০ বছর পরও সবাই বলতে পারে এটা একজন বীর মুক্তিযোদ্ধার কবর। রবিবার (৬ মার্চ) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অডিটোরিয়ামে ‘জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠান’-এ অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ২৬ মার্চ থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধার পরিচয়পত্র বিশেষ বারকোড দিয়ে প্রদান করা হবে। যাতে কেউ জালিয়াতি করতে না পারে। বীর মুক্তিযোদ্ধাদের বিনা পয়সায় সরকারি হাসপাতালে পুরো চিকিৎসা ব্যয় বহন করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের জন্য ৩০ হাজার বাড়ি তৈরির কাজ চলছে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে ‘বীরগাথা’ নামের ডকুমেন্টরি তৈরি করা হবে। যেখানে রেকর্ডকৃত থাকবে সকল মুক্তিযোদ্ধাদের বক্তব্য, স্মৃতিকথা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কুয়েট এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এ ছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান, অধ্যাপক আলমগীর কবির, খান মোহাম্মদ আলী, এম কামাল উদ্দিন আহমেদ, গোলাম আজাদ প্রমুখ।
ইউডি/সুপ্ত

