আইপিএলে সুযোগ পেলেও কি সাকিব বলত, খেলব না: পাপন

আইপিএলে সুযোগ পেলেও কি সাকিব বলত, খেলব না: পাপন

উত্তরদক্ষিণ । সোমবার, ৭ মার্চ ২০২২ । আপডেট ২০:৫৫

শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় আন্তর্জাতিক ক্রিকেট খেলার অবস্থায় নেই সাকিব আল হাসান। এজন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিরতি চাইছেন। সাকিবের এমন বক্তব্যে বিচলিত নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে প্রশ্ন তুলেছেন, আইপিএলে সুযোগ পেলেও কি সাকিব এরকম বলতো?

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন না বলে আগেই বোর্ডকে চিঠি দিয়েছিলেন সাকিব। যেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে চান বলে আগ্রহ প্রকাশ করেন। তবে শেষ পর্যন্ত আইপিএলের নিলামে দল পাননি সাকিব। পরে সাকিবের সঙ্গে আলোচনা করে বোর্ড সভাপতি জানান, টেস্ট সিরিজেও পাওয়া যাবে সাকিবকে। টেস্টের জন্য দল ঘোষণা হলে সেখানে এই আসে বাঁহাতি অলরাউন্ডের।

এজন্য ক্ষুব্ধ পাপন আজ (সোমবার) গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে জানান, সাকিব মানসিকভাবে বিপর্যস্ত থাকলে আইপিএল খেলত কীভাবে? পাপন বলেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে সে আইপিএল খেলত কীভাবে? যদি ওকে আইপিএলে নিতো তাহলে বলতো আমি মানসিকভাবে বিপর্যস্ত?’

সাকিবের মন্তব্যের প্রসঙ্গে পাপনের কাটছাঁট জবাব, ‘আমরা মোটেও বিচলিত নই। ও হয়তো মানসিক, শারীরিকভাবে ডিস্টার্ব। ওর যদি সমস্যা হয় আমাদের জানাতে পারে। বিমানবন্দরে বলে দেওয়া, ও তো দিনের বেলায় আমাদের সঙ্গে আলোচনা করতে পারত। কোচের সঙ্গে কথা বলতে পারত। সুজনের (খালেদ মাহমুদ) সঙ্গে কথা বলতে পারত। হঠাৎ করে এভাবে চমক দেওয়া, কেন করছে—অনেকে এটা পছন্দ করেনি।’

সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার পিছনে আরেকটি কারণ হিসেবে দাঁড় করেছেন তার সম্প্রতি ফর্ম। ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তার। এজন্য আফগানিস্তান সিরিজটি উপভোগ করেননি তিনি। এখানেও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পাপন। তবে কী বাংলাদেশের পাওয়া জয় উপভোগ করেননি সাকিব?

পাপন বলেন ‘সাকিব বলছে আফগান সিরিজে সে উপভোগই করেনি। আমরা যে জিতেছি সে উপভোগই করেনি। কেন? তার যদি অফফর্ম থাকত, সে বলতে খেলব না! সমস্যাটা কোথায়? খেলার পর যদি বলে উপভোগ করেনি, আগ্রহ নেই, মোটিভিশন নাই, তাহলে আমাদের বলো। বলো, আগ্রহ নেই। তাহলে খেলো না।’

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading