হাসপাতালে বোমা: রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ইউক্রেনের

হাসপাতালে বোমা: রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ইউক্রেনের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ । আপডেট ১১:৩৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, অস্ত্রবিরতি বলবৎ থাকার পরেও বুধবার রাশিয়ার বিমান বাহিনী মারিউপলের একটি শিশু হাসপাতালে বোমা হামলা চালিয়ে ধ্বংসস্তূপে রোগীদের কবর রচনা করেছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেইনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে দুই পক্ষের মধ্যে যে অস্ত্রবিরতির সমঝোতা হয়েছিল, তা রাশিয়া লঙ্ঘন করেছে বলে দাবি করেছে ইউক্রেইন। কিইভের দাবি, মাউপলের শিশু হাসপাতালে রুশ বিমানের বোমা বর্ষণে নারী ও শিশুরা হতাহত হয়েছে।

মারিউপল নগর পরিষদ জানিয়েছে, হাসপাতালে কয়েকবার হামলা চালানো হয়। এ ঘটনাকে ‘নিরাপরাধ নাগরিকদের জীবননাশের জন্য সামরিক শক্তির একটি পাশবিক ব্যবহার’ আখ্যা দিয়েছে হোয়াইট হাউজ। এক সপ্তাহের বেশি সময় ধরে রাশিয়ার সামরিক অবরোধের মুখে থাকা শহরটিতে পানি ও বিদ্যুৎহীন অবস্থায় থাকা হাজার হাজার নগরবাসীকে শহর থেকে বের করে নেওয়ার বিষয়ে রুশ পক্ষের সঙ্গে ইউক্রেনীয়দের একটি সমঝোতা হওয়ার পরেও এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

বুধবার রাতে একটি টেলিভিশন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রশ্ন তোলেন, রাশিয়ান ফেডারেশন, এটা কেমন ধরনের দেশ, যারা প্রসূতিদের হাসপাতাল নিয়েও ভয়ে থাকে, এবং সেগুলো ধ্বংস করে?

রাশিয়ার ওপর আরও কড়া অবরোধ আরোপের জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি, যাতে তারা সমঝোতার টেবিলে বসতে বাধ্য হয় এবং ‘এই নিষ্ঠুর যুদ্ধ’ থামায়। শিশু হাসপাতালে ওপর বোমা বর্ষণ ইউক্রেনের নাগরিকদের ওপর গণহত্যা চালানোর প্রমাণ।

রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ বাহিনী কোন বেসামরিক স্থাপনার ওপর হামলা করছে না।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, তিন-তলা একটি হাসপাতাল ভবনের বিভিন্ন জানালায় গর্ত হয়ে আছে। ঘটনাস্থলে একটি বড় ধ্বংসস্তূপ দেখা গেছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, তারা মারিউপলে হতাহতের সংখ্যা যাচাই করে দেখছে। সংস্থার মুখপাত্র লিজ থ্রোসেল বলেন, জনবহুল এলাকায় অস্ত্রের অন্যায্য ব্যবহারের এই নমুনা এবং যুদ্ধের মধ্যে বেসামরিক নাগরিকদের আটকে পড়া আমাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। ওই হামলায় ১৭ জন আহত হয়েছেন।

দক্ষিণ-পূর্বের এই বন্দরনগরীতে অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য ইউক্রেইন রাশিয়কে দোষ দিচ্ছে, এবং সেখানকার সাহায্য কর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক দিন ধরে রাশিয়ার বোমা বর্ষণের পর সেখানে খাদ্য ও পানি ফুরিয়ে আসছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে জানিয়েছেন, অবিরাম গোলা বর্ষণ চলছে।

স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার জানিয়েছে, উপগ্রহ থেকে তোলা বুধবার সকালের দিকের ছবিতে দেখা গেছে মারিউপলের বাড়ি, অ্যাপার্টমেন্ট ভবন, মুদি দোকান ও বিপনী কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নাগরিকদের সরিয়ে নিতে না পারার জন্য ইউক্রেনের কর্তৃপক্ষকে দোষারোপ করেছে রাশিয়া।

বুধবার ইউনিসেফ জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রুশ সামরিক বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পর ২০ লাখের বেশি মানুষ শরণার্থী হয়েছে যাদের মধ্যে ১০ লাখের বেশি শিশু। এদের মধ্যে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে তারা। প্রেসিডেন্ট জেলেনস্কির একজন জ্যেষ্ঠ সহকারীর বরাতে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেইন জানিয়েছে, মানবিক করিডোর দিয়ে ৪৮ হাজারের মত ইউক্রেনীয়কে শহর থেকে বের করে আনা হয়েছে।

ইউক্রেইনের কর্মকর্তারা জানান, অনেকেই বিভিন্ন স্থান থেকে শহর ছাড়তে পারলেও কিইভের কাছাকাছি বুচা শহর থেকে বাসগুলোকে বের হয়ে যেতে বাধা দিয়েছে রুশ বাহিনী। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে, ইউক্রেনজুড়ে অসংখ্য বাড়ি ধ্বংস হয়েছে। লাখো মানুষ খাবার, পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্য সেবা পাচ্ছে না। হাজার হাজার মানুষ প্রতিবেশি দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিচ্ছে।

রাশিয়ার বোমা বর্ষণ থেকে বাঁচতে ওডেসা শহরে ভূগর্ভে পালিয়ে থাকার পর রোমানিয়ার উদ্দেশে বাড়ি ছাড়েন ইরিনা মিহালেনকা। রয়টার্সকে তিনি বলেন, “আমরা যখন হাঁটছিলাম, একটি সেতু উড়িয়ে দেওয়া হয়। আমরা যখন ওই ধ্বংসস্তূপের ওপর দিয়ে পার হচ্ছিলাম, যেহেতু আর কোনো বিকল্প পথ ছিল না, সেখানে অনেক রুশ (সেনা সদস্য) সেখানে শুয়ে ছিল।”

রাশিয়ার অর্থনৈতিক বিচ্ছিন্নতা

পশ্চিমা দেশগুলোর অবরোধ ও বিদেশি প্রতিষ্ঠানগুলোর চলে যাওয়া রাশিয়াকে আঘাত করেছে। নেসলে, সনি ও সিগারেট প্রস্তুতকারক ফিলিপ মরিস বুধবার সেদেশে তাদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দেয়। এরমধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করা বহুজাতিক কোম্পানির তালিকা আরও দীর্ঘ হলো। বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, পরমাণু বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রোসাপমের ওপর অবরোধ আরোপের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জানিয়েছেন, মস্কো এর দেনা পরিশোধে ব্যর্থ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছাচ্ছে। অর্থনীতি বাঁচাতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ক্রেমলিন এবং তাদের তেল ও গ্যাস রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের জবাব দেওয়ার পরিকল্পনা করছে। রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবার সঙ্গে বৃহস্পতিবার অনুষ্ঠেয় বৈঠকের জন্য এরইমধ্যে তুরস্কে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ, যদিও এই সংকটের কূটনৈতিক সমাধানের আশা খুবই ক্ষীণ। রাশিয়ার ইউক্রেইন অভিযান শুরুর পর এটাই দুই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক।

কুলেবা জানিয়েছেন, ইউক্রেন চায় অস্ত্রবিরতি, তার মুক্ত ভূমি, এবং সব মানবাধিকার সংকটের সমাধান। “সত্যি বলতে … এই আলোচনা থেকে আমার প্রত্যাশা সামান্যই।” অনদিকে মস্কোর দাবি, কিইভকে ঘোষণা দিতে হবে যে তারা ‘নিরপেক্ষ’ অবস্থানে থাকবে এবং নেটোতে যোগ দেওয়ার আশা বাদ দেবে।

ভাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি আত্মবিশ্বাসী, কোন এক পর্যায়ে প্রেসিডেন্ট পুতিন আলোচনায় রাজি হবেন। আমি মনে করি তিনি বসবেন। আমার ধারণা তিনি বুঝতে পারছেন আমাদের দৃঢ়তা। তিনি বসবেন। আমাদের কিছুটা সময় দরকার।

রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে আমেরিকার একটি উপনিবেশ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, পুতুল সরকার দিয়ে সেখানে শাসনকাজ পরিচালিত হচ্ছে এবং অতীতে তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার কোনো ইতিহাস নেই। ইউক্রেইনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরিতে আমেরিকা জড়িত – রাশিয়ার এমন অভিযোগকে বুধবার ভিত্তিহীন বলে দাবি করেছে ওয়াশিংটন।

রুশ বাহিনী ইউক্রেইনের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী কিছু অংশ, পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশ নিয়ন্ত্রণ করছে। রাজধানী কিইভের প্রান্তসীমায় দুই পক্ষ লড়াই করছে এবং সেদেশর দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বোমাবর্ষণ চলছে। জরুরি খরচ মেটাতে ইউক্রেইনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল বুধবার ১৪০ কোটি ডলারের জরুরি অর্থায়ন অনুমোদন করেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading