মারিউপোলকে মুক্ত ঘোষণা একটি মাছিও যেন পালাতে না পারে: পুতিন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ । আপডেট ১৩:২৫
ইউক্রেনের মারিউপোল শহরকে সফলভাবে মুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ায় রুশ সেনাদের প্রশংসা করেছেন তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মারিউপোল শহর মুক্ত করার খবর পুতিনকে জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এর পরই রুশ সেনার প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বন্দরনগরীর একটি ইস্পাত কারখানায় ২ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য আটকে পড়ায় সেখানে অভিযানের পরিবর্তে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।
ইউক্রেনের মারিউপোল শহর থেকে যাতে একটি মাছিও পালাতে না পারে সে জন্য রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার মারিউপোল শহর মুক্ত করার খবর পাওয়ার পর তিনি এমন নির্দেশ দেন। পুতিন বলেন, এই শিল্প এলাকা বন্ধ করে দিন, যাতে একটি মাছিও পালাতে না পারে।
মারিউপোল শহরটিতে হাজার হাজার বেসামরিক লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ান সৈন্যরা এক মাসেরও বেশি সময় ধরে এই শহরকে অবরুদ্ধ করে রেখেছিল। ইউরোপের অন্যতম বৃহৎ এই ইস্পাত কারখানার ভূগর্ভস্থ অবকাঠামোতে আশ্রয় নেওয়া ২ হাজার ইউক্রেনীয় সৈন্যকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে রুশ সৈন্যদেরকে ওই কারখানা এমনভাবে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন যাতে সেখান থেকে একটি মাছিও বের না হতে পারে।
মারিউপোল ইউক্রেনের দনবাস অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর সঙ্গে রাশিয়ার অধিগ্রহণ করা ক্রিমিয়াকে সংযোগকারী একটি শহর। তাই রাশিয়ার কাছে কৌশলগতভাবে শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে শোইগু প্রেসিডেন্ট পুতিনকে জানান, মারিউপোলকে ইউক্রেনীয় সৈন্যদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা হয়েছে। সেখানকার জাতীয়তাবাদী অবশিষ্ট সৈন্যরা আজভস্টল কারখানার ভূগর্ভস্থ শিল্প অঞ্চলে আশ্রয় নিয়েছে। শোইগু বলেছেন, প্রায় ২ হাজার ইউক্রেনীয় সৈন্য কারখানার ভেতরে রয়েছে। ভূগর্ভস্থ সুরঙ্গ নেটওয়ার্ক ব্যবহার করে ইউক্রেনীয় সৈন্যরা প্রতিরোধের শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইউডি/সুস্মিত

