বিশ্ব ইতিহাসের জননন্দিত এক মহানায়কের নাম বঙ্গবন্ধু
জেসমিন আক্তার । সোমবার, ২৩ মে ২০২২ । আপডেট ১৪:৫০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অহংকার। আমাদের গৌরব। তিনি স্বৈরাচারি পাকিস্তানি শাসক শ্রেণির বিরুদ্ধে অবিরাম সংগ্রাম, জেল জুলুম, অত্যাচার নিপীড়ন সহ্য করে আমাদের উপহার দিয়েছেন বহুল কাক্সিক্ষত স্বাধীনতা। যে স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল পলাশীর আম্রকাননে, ১৭৫৭ সালে তিনি আমাদের একটি জাতীয় পতাকা দিয়েছেন যে পতাকার সবুজের মাঝখানে লালবৃত্ত আমাদের মনে করিয়ে দেয় একাত্তরে জীবন উৎসর্গকারী সোনার ছেলেদের। দিয়েছেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের একটি ভূখন্ড, যা প্রকৃতির অপূর্ব সুষমায় শোভিত।
সর্বোপরি তিনি একটি জাতির জন্ম দিয়েছিলেন। সেই জাতি বাঙালি জাতি। বাঙালি জাতিসত্তার বলয়ে তাকে এক সূত্রে গেঁথেছিলেন, যা বাঙালির কোনোকালে ছিল না। তাই তিনি আমাদের জাতির পিতা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব ইতিহাসের অন্যতম মহানায়ক। সেরা মুক্তিসংগ্রামী, সেরা রাষ্ট্রনায়ক। জননন্দিত নেতা হিসেবে তাঁর তুলনা তিনি নিজেই। এ দেশের মানুষকে তিনি ভালোবেসেছেন, নেতৃত্ব দিয়েছেন। অবিরাম ঘাম ঝরিয়ে চারণের মতো সারাদেশ ঘুরে মানুষকে জাগিয়েছেন। পাকিস্তানি স্বৈরাচারী সামরিক শাসকদের জেলখানায় বছরের পর বছর বন্দি থেকেও অকুতোভয়ে বীরের মতো নিজের সংকল্পে অটল থেকেছেন। মুক্তির মহামন্ত্রে জাতিকে জাগিয়েছেন এবং স্বাধীনতার পথ ধরে জাতিকে পৌঁছে দিয়েছেন স্বপ্নপূরণের চূড়ান্ত লক্ষ্যে। বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। জাতির জনক। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ শাসনের সুযোগ পেয়েছিলেন। এই স্বল্প সময়ে বঙ্গবন্ধু ধ্বংসপ্রায় দেশটির পুনর্গঠনের কাজ শুরু করেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে নানা কল্যাণমুখী পরিকল্পনা করেন।
আজীবন সংগ্রামী বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোলন, ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, সামরিক শাসনবিরোধী আন্দোলন, সর্বোপরি সত্তরের নির্বাচনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন। ৭ মার্চ ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে তিনি বজ্রকণ্ঠে যে ভাষণ দেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তা হয়ে আছে এক চির অম্লান মাইলফলক। বঙ্গবন্ধু অমর। তার মৃত্যু নেই। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্র থাকবে যতদিন ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন পৃথিবীর বুকে স্মরণীয় হয়ে। তাইতো কবি বলেছেন, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব ইতিহাসের অন্যতম মহানায়ক। সেরা মুক্তি সংগ্রামী, সেরা রাষ্ট্রনায়ক। জননন্দিত নেতা হিসেবে তার তুলনা ছিলেন তিনি নিজেই।
ইউডি/সুস্মিত

