পদ্মাকাহন : আমাদের স্বপ্ন সেতু
ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) । রবিবার, ২৬ জুন ২০২২ । আপডেট ১৩:৫০
আশির দশকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আমি দক্ষিণের জেলা গোপালগঞ্জ থেকে ঢাকায় আসতাম তখন যাওয়া আসার সবচেয়ে ভালো সময় ছিল বর্ষাকাল। আমরা সকাল ১১টার দিকে সহপাঠী-সিনিয়র-জুনিয়র মিলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২০/২৫ জনের একটি দল হৈ হৈ করে লঞ্চে উঠতাম। সন্ধ্যা পর্যন্ত তুমুল আড্ডা, লঞ্চের আপার ক্লাস, সামনে পেছনে। কেউ কেউ তাস নিয়ে বসে যেত। তারপর রাত নেমে আসলে নদীর ঠাণ্ডা বাতাস খেতে খেতে ঘুম এসে যেত। লঞ্চে রান্না খুব সুস্বাদু ছিল, নাকি বাড়ন্ত বয়সের দুর্নিবার ক্ষুধা, যে কারণেই হোক খাবার খুব মজা ছিল।
খেয়েই ঘুম। সকালে ঘুম থেকে উঠে প্রথমে জিজ্ঞাসা করতাম, মুন্সিগঞ্জের কাঠপট্টির কাছাকাছি পৌঁছলাম কি না। কাঠপট্টির কাছাকাছি পৌঁছলেই সেখান থেকে সদরঘাট ৩০/৪০ মিনিটের দূরত্ব। আর সদরঘাট মানেই তখন ঢাকা। প্রায় এক দিনের যাত্রা, তাও বলছি তখনকার সময় ঢাকা যাওয়ার সবচেয়ে ভালো যোগাযোগ ছিল বর্ষাকাল। শীতকালে বিশ্ববিদ্যালয় ছুটিতে বাড়ি গেলে ঢাকা আসা যাওয়ার ছিল ভিন্ন এক সংগ্রাম, এ অন্য এক অভিযাত্রা।
আমার মফস্বল শহর। শহরের সবাইকে চিনি। সব রিকশাওয়ালা পরিচিত। বিকেলে কাউকে বলে রাখতাম ঢাকা যাব। রিকশাওয়ালা ভোর রাতে এসে ডেকে তুলত। রেডি হয়ে রিকশায় করে ৮/১০ কিলোমিটার দূরে হরিদাসপুর লঞ্চ ঘাটে যেতাম। তারপর ভোর ছয়টায় ছোট এক তলা লঞ্চে করে ৫/৬ ঘণ্টায় পৗঁছাতাম টেকেরহাট। রোড সাইডে চায়ের দোকানে অপেক্ষা। তখন মাওয়ায় কোনো ফেরিঘাট ছিল না। সাড়ে বারোটার দিকে বরিশাল-ফরিদপুর রুটে চলাচলকারী বিআরটিসি বাসে করে ফরিদপুর গোয়ালচামট বাস স্ট্যান্ড। তারপর আবার লোকাল বাস অথবা বেবি ট্যাক্সি করে দৌলতদিয়া ফেরিঘাট।
বললাম যত সহজে সেটা তত সহজ ছিল না। পথে টেকেরহাট ফেরি, দিকনগর ফেরি, দৌলতদিয়া ঘাটের আগেও গোয়ালন্দ ফেরি। দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছাতে পৌঁছাতে পড়ন্ত বিকেল। সেখানে পৌঁছে আগে ঘাটের সেইসব বিখ্যাত হোটেলে লাঞ্চ। তারপর লাঞ্চ করে পদ্মা পার হয়ে আরিচা ঘাটে আসতে আসতে সন্ধ্যা। তারপর মুড়ির টিন বাসে করে গাবতলী। সেখান থেকে রিকশায় মিরপুর রোড ধরে যখন আমার প্রিয় জহুরুল হক হলে পৌঁছেছি তখন রাত ৮টা কিংবা ৯টা। সমস্ত শরীর, ট্রাভেল ব্যাগ ধুলায় ধূসরিত। পুরো শরীরে ধুলাবালির আস্তরণ। মাওয়া ঘাটের বয়স খুব বেশি নয়। স্বপ্ন সেতু চালু হচ্ছে। এখানে পারাপারের অপেক্ষায় অ্যাম্বুলেন্সে মৃত্যু হবে না কারও আর।
যোগাযোগ মানে চলাচল। আর চলাচল মানেই আর্থিক সমৃদ্ধি। পুরো দক্ষিণাঞ্চল জুড়ে শিল্পায়ন হবে, নগরায়নের গতি বৃদ্ধি পাবে, ব্যবসা বাড়বে, নতুন করে কর্মসংস্থান হবে কোটি মানুষের। মেগা প্রকল্পগুলো দক্ষিণাঞ্চলের চেহারা পাল্টে দেবে। ২৬ জুন স্বপ্ন সেতুর যাত্রা শুরু। সারাদেশে উৎসবের আমেজ। ঈর্ষা এক মারাত্মক মানবীয় দুরাচার। এক শ্রেণির বাঙালির মধ্যে সেটা অনেক প্রকট। তাই উৎসবের মিষ্টি মেজাজ দেখে ক্ষিপ্ত ও ঈর্ষা তাড়িত হয়ে তেতোর ফেরিওয়ালারা নোটিশ দিয়েই হাজির হয়েছেন। আপনার তেতো আপনিই গেলেন। আমাদের শোনার দেখার সময় নাই। এই পর্যন্ত পদ্মা সেতু নিয়ে আমাদের দেশীয় কুশীলবরা তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক সাঙ্গ-পাঙ্গদের নিয়ে যত ভানুমতির খেল দেখানোর চেষ্টা করেছেন তাতে করে দুর্দমনীয় বাঙালির, এই দেশের মানুষের কিছু আসে যায় না।
বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনের লক্ষ্য দুই দার্শনিক নীতিকে চিহ্নিত করেছেন। ‘ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ ও আত্মমর্যাদাশীল জাতি গঠনের স্বপ্ন’। জাতির পিতা এই দেশে মাত্র সাড়ে তিন বছরের জন্য রাষ্ট্র পরিচালনায় ছিলেন। এই ক্ষুদ্র সময়ে তিনি তার লক্ষ্য অর্জনের শুভযাত্রা শুরু করেছিলেন। দেশের সাম্প্রতিকতম অর্থনৈতিক অগ্রায়নের কারণে ক্ষুধা পরাজিতের পথে। আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্র এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই গ্লোবাল পাওয়ার হিসেবে আবির্ভূত হয়। তার প্রায় একশো বছরের মতো সময়ের আগে সানফ্রানসিসকো পোতাশ্রয়ের মূলে গোল্ডেন গেট ব্রিজ নির্মিত হয়। সেটি ছিল তাদের এক অর্জিত শৌর্যবীর্যের প্রতীক। ২৫ জুন বৈশ্বিক মঞ্চে ‘আমার টাকায় আমার সেতু / বাংলাদেশের পদ্মা সেতু’ শুভ উদ্বোধনের মাধ্যমে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমাদের নবযাত্রা শুরু হচ্ছে- মাননীয় প্রধানমন্ত্রী আপনি থাকছেন সেই নবযাত্রার হুইসেল ব্লোয়ার।
লেখক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ
ইউডি/অনিক

