আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস আর নেই
উত্তরদক্ষিণ । শনিবার, ০২ জুলাই ২০২২ । আপডেট ১৮:৪৫
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস আর নেই। ইন্ডিয়ার চেন্নাইয়ের এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর ৫ টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
প্রধানমন্ত্রীর শোক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, মুকুল বোস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ও পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী মুকুল বোসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ওবায়দুল কাদেরের শোক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মন্ত্রী স্বর্গীয় মুকুল বোসের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্বেচ্ছাসেবক লীগের শোক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মুকুল বোস গত ১৬ মে ঢাকার রায়ের বাজারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সেখান থেকে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। পরে তাকে ইন্ডিয়ার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেয়া হলে শনিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।
২০০৭ সালে জরুরি অবস্থার সময় ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে মুকুল বোস ও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের সবশেষ জাতীয় সম্মেলনের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।
ইউডি/সুপ্ত

