বাঙালির মুক্তির অগ্রদূত হয়ে জন্মেছিলেন বঙ্গবন্ধু
ইমরান হুসাইন । মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ । আপডেট ১২:৪৫
বাঙালি জাতির ইতিহাসে অনেক জাতীয় নেতার আবির্ভাব ঘটেছে। জাতীয় জীবনে অমূল্য অবদানের জন্য তারা স্মরণীয় হয়ে থাকবেন। শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার অবিসংবাদিত জাতীয় নেতা। দেশ ও জাতির বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। এ চার মহান জাতীয় নেতার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা।
মূলত শেখ মুজিবুরের জন্মের মাধ্যমেই বাঙালি পেয়েছিল স্বাধীনতা। বাঙালি পেয়েছিল স্বাধীন দেশ, বাংলাদেশ। আজ থেকে শত বছর পূর্বে যদি বাংলার বুকে শেখ মুজিবের জন্ম না হতো তাহলে হয়তো পরাধীনতার অন্ধকারেই থেকে যেতে হতো আমাদের আরও একশ বছর। শেখ মুজিবের এমন অবিশ্বাস্য নেতৃত্ব ক্ষমতা, এমন দূরদর্শিতা যার অবদান এই বাংলার মানুষ কখনও শোধ করতে পারবে না।
শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনীতি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা, ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বাঙালির হাজার বছরের আশা-আকাঙ্ক্ষা বেদনা-বিক্ষোভ ও আবহমান বাংলার ঐতিহ্যকে তিনি নিজের চেতনায় আত্মস্থ করেছেন। তার কণ্ঠে বাঙালি জাতির সার্বিক মুক্তির আকাঙ্ক্ষা প্রতিধ্বনিত হয়েছে। তিনি ছিলেন সাম্রাজ্যবাদবিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের মূর্ত প্রতীক।
রাজনৈতিক বিশ্বশান্তি আন্দোলনের অন্যতম সেনালী এবং সমকালীন বিশ্বের মানবজাতির মুক্তিসংগ্রামে নিবেদিতপ্রাণ উৎসর্গীকৃত সন্তানদের একজন বঙ্গবন্ধু। শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। পাকিস্তান প্রতিষ্ঠার পর দীর্ঘ ২৩ বছর পাকিস্তানি শাসকশ্রেণীর বৈষম্য-নীতি, শোষণ ও অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের সংগ্রামের কথাই বারবার ঘুরে-ফিরে আসে। দেশের ইতিহাস, সংস্কৃতি, বাঙালি জীবনের বৈশিষ্ট্য নিয়ে চিন্তাভাবনা করতেন বঙ্গবন্ধু। বাংলার রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণে রেসকোর্স ময়দানে স্মরণাতীতকালের বৃহত্তম জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণ ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দিক-নির্দেশনা, বাঙালির স্বাধীনতা সংগ্রামের শাশ্বত প্রেরণার উৎস ও প্রতীক। মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায় । এ যুদ্ধই বাঙালি জাতিকে তার স্বাধীনতা এনে দেয়। বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘটনাবলি আবর্তিত হয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করেই এবং তিনিই ছিলেন তার কেন্দ্রবিন্দু।
ইউডি/সুস্মিত

