আশ্রয়ণ প্রকল্প: দরিদ্র নারী শিশুদের বঞ্চনার অবসান

আশ্রয়ণ প্রকল্প: দরিদ্র নারী শিশুদের বঞ্চনার অবসান

ফারিহা হোসেন । বুধবার, ০৬ জুলাই ২০২২ । আপডেট ১০:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মানবিক কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে দরিদ্র, গৃহহীন পরিবারের নারী, শিশুরাও নিরাপদ জীবনের নিশ্চয়তা পেল। বলছি আশ্রয়ণ প্রকল্প প্রসঙ্গে। মূলত ঠিকানাবিহীন, আশ্রয়হীন এবং গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণের ব্যবস্থা করায় হাজার হাজার নারী ও শিশু এখন অনেকটাই নিরাপদে জীবন যাপনের সুযোগ পেল। আশ্রয়ণের জন্য গৃহীত প্রকল্প এলাকায় তাদের কর্মসংস্থানে তথা হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, গবাদিপশু পালন, তাদের সন্তানদের শিক্ষার জন্য স্কুল, মক্তব, মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে এসব এলাকায় বিদ্যুৎ, পানি, রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে। গৃহহীন, আশ্রয়হীন মানুষের আশ্রয়ের ব্যবস্থা করার মধ্য দিয়ে মূলত দরিদ্র পরিবারের নারী, শিশুদের বঞ্চনার অবসান হয়েছে। একইসঙ্গে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে নারী ও শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী নারী ও শিশুরা এখন ঝুঁকিমুক্ত।

এ কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রাথমিকভাবে নয় লাখ গৃহহীনকে ঘর করে দেওয়া হবে। এ পর্যন্ত এই কর্মসূচির আওতায় এক লাখ ৫০ হাজার ২৩৩ পরিবারকে ঘর করে দেয়ো হয়েছে। প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রামে ভূমিহীন-গৃহহীন অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রমের যাত্রা শুরু করেন। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে জাতির পিতার দেখানো পথেই বঙ্গবন্ধুকন্যা জনবান্ধব কর্মসূচি হাতে নেন। আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় উপকারভোগীদের দুই শতক জমিতে টিনশেড আধা-পাকা ঘর প্রদান করা হয়। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি নবনির্মিত বাড়ির দলিল ও চাবি বিতরণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি উন্নত ও সুন্দর জীবন উপহার দিয়ে জনগণের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। মূলত এই কর্মসূচির মধ্য দিয়ে সমাজের অবহেলিত, নিগৃহীত বেদে, তৃতীয় লিঙ্গ, চা-শ্রমিক, কুষ্ঠ রোগী, ভিন্নভাবে সক্ষমসহ সুবিধাবঞ্চিত মানুষকে সুন্দর জীবন উপহার দিতে গৃহায়ণ প্রকল্পের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি জেলার চারটি স্থানের সাথে যুক্ত হয়ে সুবিধাভোগী এবং অন্যান্য অংশীজনদের সাথে মতবিনিময়ও করেন। স্থানসমূহ হলো- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পোড়াদিয়া বালিয়া আশ্রয়ণ প্রকল্প, বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার খেজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার অধীনে খোকশাবাড়ি আশ্রয়ণ প্রকল্প এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার হাজীগাঁও আশ্রয়ণ প্রকল্প।

মুজিববর্ষে দেশের প্রতিটি ভূমিহীন ও গৃহহীন মানুষকে আশ্রয়ণ কর্মসূচির আওতায় নিয়ে আসার সরকারি অঙ্গীকারের অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তিন ধাপে এ পর্যন্ত ১,৫০,২৩৩টি বাড়ি বিতরণ করা হয়েছে। ২০২১ সালের ২৩ জানুয়ারি, ৬৩,৯৯৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রথম ধাপের অধীনে ঘর পেয়েছিল এবং ৫৩,৩৩০টি পরিবার গতবছরের ২০ জুন আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে তাদের মাথার উপর একটি ছাদ পেয়েছে। এ কর্মসূচির তৃতীয় ধাপের আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে আরও ৬৫,৬৭৪টি ঘর বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী ২৬ এপ্রিল ৩২,৯০৪টি বাড়ি হস্তান্তর করেছেন। সারা দেশের ৪৯২টি উপজেলায় এসব ঘর নির্মাণ করা হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১,১৭,৩২৯টি বাড়ি নির্মাণ করা হয়েছে এবং ২০২১-২০২২ সালের চলতি অর্থবছর পর্যন্ত ১,৮৩,০০৩টি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। ভূমিহীন, গৃহহীন, হতদরিদ্র ও উৎপাটিত পরিবারের স্বামী-স্ত্রীর যৌথ নামে জমি ও বাড়ির মালিকানা দেওয়া হয়। প্রতিটি ইউনিটে দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে, যার মূল্য ২৫৯,৫০০ টাকা কর ও ভ্যাট ছাড়াই। ট্যাক্স ও ভ্যাটসহ এর পরিমাণ ৩ লাখ ৩০ হাজার টাকা। আশ্রয়ণ-২০এর তৃতীয় পর্বে বাড়িগুলোকে আরও টেকসই এবং জলবায়ু সহনশীল করতে সরকার খরচ বাড়িয়েছে এবং নকশায় পরিবর্তন এনেছে। বাড়িগুলিকে আরও টেকসই করার জন্য শক্তিশালী গ্রেট-বিম, লিন্টেল এবং আরসিসি পিলারবিশিষ্ট বাড়ি নির্মাণ করা হয়। চলতি অর্থবছর পর্যন্ত বাড়ি নির্মাণে এ পর্যন্ত তিন হাজার ৯৭২ কোটি সাত লাখ পাঁচ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

খাস জমি ছাড়াও গৃহহীন ও ভূমিহীনদের পুনর্বাসনের জন্য সরকার ১৬৮ দশমিক ৩২ একর জমি কিনেছে। ইতিমধ্যেই জমি কেনার জন্য ১১৫ দশমিক ৩৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এসব বাড়ি নির্মাণে সারাদেশে অবৈধ দখল থেকে ২,৯৬৭ কোটি নয় লাখ টাকা মূল্যের ৫,৫১২.০৪ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের অধীনে, ১৯৯৭ থেকে মার্চ, ২০২২ পর্যন্ত মোট ৫,০৭,২৪৪ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং পুনর্বাসিত পরিবারগুলিকে তিন মাসের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় আনা হয়েছে।
আশ্রয়ণের প্রথম ও দ্বিতীয় ধাপের চেয়ে তৃতীয় ধাপের ঘরগুলো অনেক বেশি টেকসই। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন কবলিত ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসনের লক্ষ্যে শুরু হয়েছিল আশ্রয়ণ প্রকল্প। এ প্রকল্প আশ্রয়ণ নিশ্চিত করেছে লাখ লাখ মানুষের। প্রত্যাশা থাকবে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর এই মহতী ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে আগামীতেও।

লেখক- সাংবাদিক

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading