ভূমিহীন ও গৃহহীনমুক্ত ৫২ উপজেলা: আশ্রয়ণ প্রকল্প সরকারের নজিরবিহীন উদ্যোগ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২২ জুলাই ২০২২ । আপডেট ১২:১৫
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ দেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার (২১ জুলাই) আরও ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করে এই ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলের ঠিকানাই নিশ্চিত করবে তার সরকার। এই আশ্রয়ণ প্রকল্প সরকারের নজিরবিহীন উদ্যোগ। বিস্তারিত লিখেছেন সাদিত কবির
সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আরও ২৬ হাজার ২২৯টি ঘরসহ জমি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ জুলাই) তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই ভূমিহীন ও গৃহহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন। পাশাপাশি, পঞ্চগড় ও মাগুরা জেলার সবগুলো উপজেলাসহ ৫২টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবেও ঘোষণা দেন।
‘ভূমিহীন-গৃহহীনমুক্ত’ ৫২ উপজেলা: যেসকল উপজেলাগুলোকে ‘ভূমিহীন-গৃহহীনমুক্ত’ ঘোষণা করেছেন সেগুলো হলো ঢাকার নবাবগঞ্জ; মাদারীপুর সদর; শরীয়তপুরের ডামুড্যা; কিশোরগঞ্জের কটিয়াদী; টাঙ্গাইলের গোপালপুর; মানিকগঞ্জের ঘিওর, সাটুরিয়া; রাজবাড়ীর কালুখালী। ফরিদপুরের নগরকান্দা; নেত্রকোণার মদন; ময়মনসিংহের ভালুকা, নান্দাইল, ফুলপুর, ফুলবাড়িয়া; জামালপুর বক্শীগঞ্জ। দিনাজপুরের নবাবগঞ্জ; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী; নীলফামারীর ডিমলা; নওগাঁর রাণীনগর; জয়পুরহাটের পাঁচবিবি; রাজশাহীর মোহনপুর, চারঘাট, বাঘা; বগুড়ার নন্দীগ্রাম, দুপচাঁচিয়া; নাটোরের বাগাতিপাড়া। চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া; লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ; ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম; গাইবান্ধার গোবিন্দগঞ্জ; পঞ্চগড়ের আটোয়ারী, পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, তেঁতুলিয়া, বোদা। পাবনার ঈশ্বরদী; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ; ঝিনাইদহের হরিণাকুন্ডু; সাতক্ষীরার তালা; মাগুরার শ্রীপুর, মোহম্মদপুর, শালিখা, মাগুরা সদর; ঝালকাঠির কাঁঠালিয়া এবং পটুয়াখালীর দশমিনা।

দলমত নির্বিশেষে সবার ঠিকানা নিশ্চিত করবে সরকার: দলমত নির্বিশেষে সকলের ঠিকানাই সরকার নিশ্চিত করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিটি নাগরিকের সুন্দর জীবন নিশ্চিত করাই তার দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে যদি খবর থাকে বাংলাদেশের একটি মানুষ ভূমিহীন বা গৃহহীন রয়েছে অবশ্যই আমাদের খবর দেবেন। দল মত নির্বিশেষে যেই গৃহহীন থাকবে আমরা তাদেরকেই ঘর করে দেব, ঠিকানা এবং জীবিকার ব্যবস্থা করে দেব। তিনি বলেন, দল মতের ভিন্নতা থাকতে পারে তাতে কিছু এসে যায় না। দেশটাতো আমাদের। আর আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার মানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমার। শেখ হাসিনা বলেন, মানুষকে আমি মানুষ হিসেবেই দেখি এবং প্রত্যেকটি মানুষ সুন্দর ভাবে বাঁচবে সেটাই আমি চাই। আমার বাবার সেটাই শিক্ষা। যে কারণে এদেশের প্রত্যেকটি মানুষের আমি সুন্দর জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়ে যেতে চাই। আশ্রয়ণ প্রকল্পে যারা ঘর পেয়েছেন তাদের জন্য উন্নত স্যানিটারি ল্যাট্রিন, বিদ্যুতের ব্যবস্থাসহ নানা ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশে শতভাগ ভূমিহীন-গৃহহীন পুনর্বাসন হবে: করোনা ভাইরাস মহামারীর মধ্যে অসহায় মানুষগুলোর জন্য ঘর নির্মাণে সম্পৃক্ত থাকায় বহু মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ছিন্নমূল মানুষগুলোরও ঠিকানা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটা একটা মহৎ কাজ, মহৎ উদ্যোগ। কারণ, একটা ঘর পাওয়ার পর একটা মানুষের জীবনটা তো পাল্টে যায়। মানুষের মুখে যে হাসিটা এটাই তো সব থেকে বড় পাওয়া জীবনের। এর থেকে বড় কিছু আর হতে পারে না। ্রধানমন্ত্রী বলেন, আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশে শতভাগ ভূমিহীন-গৃহহীন পুনর্বাসন হবে। প্রত্যেকটা মানুষ তার ঠিকানা পাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়ন করাই তাঁর লক্ষ্য, আর এজন্য জীবনে বার বার মৃত্যু ঝুঁকির মধ্যে পড়লেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তিনি প্রাণে রক্ষা পান বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যারা নতুন ঘর পেয়েছেন তাদের বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি মিতব্যয়ী হওয়ার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, যে ঘর, বাড়ি যা দিয়েছি সেগুলো রক্ষা করা, উন্নত করা এটা আপনাদেরই দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, এবারে আমরা এই তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে স্থায়ীভাবে মাথা গোঁজার যে ঠিকানা দিতে পারছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আর বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি, এই কাজের সাথে যারা সম্পৃক্ত তাদের সকলকে আন্তরিক ধন্যবাদও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা সংগ্রাম চালিয়ে গিয়েছি যেন এই দেশের মানুষকে আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে বাঁচার মতো একটা সুন্দর সমাজ দিতে পারি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা জনগণের নাগালের মধ্যে নিয়ে আসা, স্কুলগুলোকে জাতীয়করণের পাশাপাশি প্রত্যেক জেলা-উপজেলায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন মাধ্যমে গণমানুষের শিক্ষার সুযোগ সৃষ্টি। একইসঙ্গে মেডিকেল কলেজ, মেডিকেল ও কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে উচ্চশিক্ষার দ্বার অবারিত করণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং দেশকে শতভাগ বিদ্যুতায়িত করতেও তার সরকারের পদক্ষেপ সমূহের উল্লেখ করেন।

সংকট উত্তোরণে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার আহ্বান: এ সময় প্রধানমন্ত্রী করোনার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং একে কেন্দ্র করে আমেরিকার ও ইউরোপীয় দেশগুলোর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার উল্লেখ করে সবাইকে মিতব্যয়ী ও সাশ্রয়ী হবার মাধ্যমে সংকট উত্তোরণে দেশবাসীর সহযোগিতার প্রত্যাশাও পূনর্ব্যক্ত করেন তিনি। সকলকে দেশের প্রতি ইঞ্চি জমি কাজে লাগানোর মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বানও জানান তিনি। শেখ হাসিনা বলেন, একদিকে করোনা আর একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আমেরিকা রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা (স্যাংশন) দিয়েছে, তার ফলে, আমাদের সার কিনতে সমস্যা হচ্ছে, খাদ্য কিনতে সমস্যা হচ্ছে এবং এ সমস্ত কারণেই আজকে শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপীই মূল্যস্ফীতি বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে এবং উন্নত দেশগুলোতে পর্যন্ত খাদ্যের জন্য হাহাকার দেখা গিয়েছে।
তিনি বলেন, আজকে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন সবজায়গাতেই বিদ্যুৎ সাশ্রয় করা হচ্ছে। পেট্রল ও ডিজেলসহ জ্বালানি সাশ্রয় করার উদ্যোগ উন্নত দেশগুলোও নিয়েছে। স্পেন, পতুর্গালসহ ইউরোপের বিভিন্ন দেশে দাবানলের মত প্রাকৃতিক দুর্যোগও দেখা দিয়েছে।
সতর্ক থাকতে হবে এখন থেকেই: প্রধানমন্ত্রী বলেন, আমরা এখনো আমাদের দেশটা ভালভাবে চালাতে পারছি। কিন্তু, আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে এবং সকল প্রকার সতর্কতামূলক পদক্ষেপও আমরা নিয়েছি। তাই, সবাইকে বলবো বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, পানি এবং জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, আপদকালীন সঞ্চয় সবাইকে বাড়াতে হবে।
‘এক ইঞ্চি জমিও যেন পড়ে না না থাকে’ : আর কোথাও এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে সেখানে খাদ্য উৎপাদন করতে হবে। ইনশাল্লাহ, তবেই আমরা যেকোন পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অর্জন করতে সমর্থ হবো। শেখ হাসিনা বলেন, কোন জমি কেউ ফেলে রাখবেন না, একটা তরকারি গাছ বা মরিচ গাছ হলেও লাগান, কোন জলাধার কেউ ফেলে রাখবেন না। হাঁস-মুরগী গবাবি পশু প্রতিপালন থেকে শুরু করে সকলকেই যার যেভাবে সম্ভব তাঁকে সেভাবে উৎপাদনে সম্পৃক্ত হবার আহ্বান জানান তিনি। যেন আমরা নিজেরাই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি এবং খাদ্যের জন্য কারো মুখাপেক্ষী হতে না হয়। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ এবং এই দুর্যোগের সঙ্গেই আমাদের বসবাস উল্লেখ করে সরকার প্রধান বলেন, বর্ষাকাল চলমান থাকায় আবারও যে কোন সময় বন্যা আসতে পারে সেজন্যও সতর্ক থাকতে হবে। এরআগে বৃহত্তর সিলেট বিভাগে বন্যা মোকাবিলায় বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর তাঁর সরকারের পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানুষের সংগঠন কাজেই মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কাজ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় গণভবন থেকে শুভেচ্ছা বক্তব্য দেন আশ্রয়ণ প্রকল্পের পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। সরকার প্রধানের মুখ্য সচিব আহমেদ কায়কাউস জানান, এর আগে তিন দফায় ১ লাখ ৮৫ হাজার ১২৯টি ঘর পেয়েছেন গৃহহীনরা। বৃহস্পতিবার পেল আরও ২৬ হাজার ২২৯টি পরিবার। এছাড়া আরও ৮ হাজার ৬৬৭টি ঘর নির্মাণাধীন। এ প্রকল্পে এ পর্যন্ত ৪ হাজার ২৮ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত মোট একক ঘরের সংখ্যা ছিল ১ লাখ ১৭ হাজার ৩২৯টি। বর্তমানে তৃতীয় পর্যায়ে বরাদ্দ হচ্ছে ৬৭ হাজার ৮০০টি। এর মধ্যে গত ২৬ এপ্রিল ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করা হয়। তৃতীয় পর্যায়ে চরাঞ্চলের জন্য বিশেষ নকশায় হচ্ছে ১ হাজার ২৪২টি ঘর।
ইউডি/সুপ্ত

