পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা ‘ক্রয়মূল্যে’: অর্থমন্ত্রণালয়
উত্তরদক্ষিণ । বুধবার, ০৩ আগস্ট ২০২২ । আপডেট ১২:২৫
পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা কস্ট প্রাইজে হিসাব করার সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত মঙ্গলবার (২ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত ব্যাংকের বিনিয়োগ কস্ট প্রাইজে হিসাব করার সম্মতি দিয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে প্রেরণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৯ এর ২৬ক ধারায় ব্যাংক কোম্পানি কর্তৃক অন্য কোন কোম্পানির শেয়ার ধারণের হিসাবায়নে পুঁজিবাজারে বিনিয়োগের ঊর্দ্ধসীমা (Exposure Limit) নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ক্রয়কৃত মূল্যকেই ‘বাজারমূল্য’ হিসাবে বিবেচনা করা যেতে পারে।
এর আগে বাংলাদেশ ব্যাংক কস্ট প্রাইজে ব্যাংকের বিনিয়োগ সীমা গণনায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে একটি চিঠি প্রেরণ করে। সেই চিঠির জবাবে অর্থ মন্ত্রণালয় এই সম্মতিপত্র প্রেরণ করেছে। এরফলে শেয়ারবাজারে দীর্ঘদিনের অমীমাংসিত এই ইস্যুর সমাধান হলো।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর শেয়ারবাজারমুখী হতে আর বাধা থাকলো না। এখন ব্যাংকগুলো অনায়াসে শেয়ারবাজারে বড় বিনিয়োগ নিয়ে অগ্রসর হতে পারবে।
ইউডি/সুপ্ত

