৪২ ফুট লম্বা নখ নিয়ে নারীর বিশ্বরেকর্ড
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৫ আগস্ট ২০২২ । আপডেট ১১:০০
বিশ্বের সবচেয়ে লম্বা হাতের নখের অধিকারী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন আমেরিকার মিনেসোটার বাসিন্দা ডায়ানা আর্মস্ট্রং। ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত হিসাব অনুযায়ী, ডায়ানার দুই হাতের নখের সম্মিলিত দৈর্ঘ্য ৪২ ফুট ১০.৪ ইঞ্চি, যা একটা স্ট্যান্ডার্ড স্কুলবাসের চেয়েও লম্বা।গত ২৫ বছর ধরে নিজের হাতের নখ লম্বা রেখে আসছেন ডায়ানা।
ডায়ানার দুই হাতের সবগুলো নখের নধ্যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখই সবচেয়ে বড়। এটির দৈর্ঘ্য ৪ ফুট ৬.৭ ইঞ্চি। অন্যদিকে, তার হাতের সবচেয়ে ছোট নখের দৈর্ঘ্য ৩ ফুট ৭ ইঞ্চি। এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে নিজের নখ কেটেছিলেন ডায়ানা। কিন্তু এর কিছুদিন পরেই এক মর্মান্তিক দুর্ঘটনায় ডায়ানা তার পরিবারের একজনকে হারান। এরপর তিনি প্রতিজ্ঞা করেন, আর কোনোদিন নখ কাটবেন না।
মূলত মৃত সন্তানের স্মৃতি ভেবেই নখ কাটেননি ডায়ানা। মেয়ের স্মৃতি বাঁচিয়ে রাখতেই তিনি নখ বড় করতে শুরু করেছিলেন। আগে হেয়ারস্টাইলিস্ট হিসেবে কাজ করলেও, মেয়ের মৃত্যুর পর ডায়ানা ঘরেই থাকতে শুরু করেন এবং নখের প্রতি মনোযোগী হন। এখন ডায়ানার হাতের নখ এতটাই বড় যে সেগুলো পেইন্ট করতে ৪-৫ ঘন্টা লেগে যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতির সনদ গ্রহণের সময় ভীষণ আবেগী হয়ে পড়েন ডায়ানা। নিজের মৃত মেয়ের কথা স্মরণ করে তিনি বলেন, সে হয়তো এখন খুব গর্ব বোধ করছে, কারণ সে ই শেষবার আমার নখ সাজিয়ে দিয়েছিল। আমি যখন নখ লম্বা করি, তখন তার কথাই আমার মনে পড়ে।
ডায়ানাকে সনদ প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর এডিটর-ইন-চীফ ক্রেইগ গ্লেনডে। বলে রাখা ভালো, এর আগে বিশ্বের সবচেয়ে লম্বা নখের অধিকারী নারী ছিলেন যুক্তরাষ্ট্রের আয়ানা উইলিয়ামস। কিন্তু পরে তিনি তার নখ কেটে ফেলার সিদ্ধান্ত নেন। আয়ানার নখ ছিল ১৮ ফুট ৮ ইঞ্চি। সেই রেকর্ড ভেঙে সবচেয়ে লম্বা নখের নারীর রেকর্ড নিজের নামে লিখিয়েছেন ডায়ানা।
ইউডি/সুস্মিত

