কেউ কেউ মনগড়া তথ্য দিয়ে গুজব ছড়ায়: বুবলী
উত্তরদক্ষিণ । সোমবার, ২২ আগস্ট ২০২২ । আপডেট ১৩:৫০
সুপারস্টার শাকিব খানের হাত ধরে ঢালিউডে অভিষেক হয় বুবলীর। এর ফলে তাকে চড়াই-উৎরাই পার হতে হয়নি। খুব সহজে পান জনপ্রিয়তা। একাধিক ছবিতে জুটি হিসেবে কাজ করায় শাকিবের সঙ্গে বুবলীর প্রেমের খবর প্রকাশ্যে আসে। যদিও এ নায়িকা কখনও তা স্বীকার করেননি। এখন শোনা যাচ্ছে, শাকিবের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না বুবলীর। একজন অন্যজনকে এড়িয়ে চলছেন। ভবিষ্যতে হয়তো তারা কখনও জুটি হয়ে কাজ করবেন না। যার প্রমাণও দিয়েছেন বুবলী। শাকিবের বৃত্ত ভেঙে অন্য নায়কের সঙ্গে অভিনয় করেছেন। তাদের মধ্যে আদর আজাদ অন্যতম। গুঞ্জন চাউর, এই নায়কের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি। সম্প্রতি আদর-বুবলী জুটির ‘তালাশ’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে ছবিটি ব্যবসায়ীকভাবে ব্যর্থ হয়। এ ছাড়া ‘লোকাল’ নামে আরও একটি সিনেমায় কাজ করছেন তারা।
এই গুঞ্জন ধামাচাপা পড়ে আরও এক নতুন গুঞ্জনের নিচে। এবার চাউর হয়েছে, হালের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রায়হান রাফির সঙ্গে প্রেম করছেন বুবলী। এই পরিচালকের ‘টান’ ও ‘সাত নাম্বার ফ্লোর’ ওয়েব কনটেন্টে অভিনয় করেন। কাজের সূত্র ধরেই নাকি কাছে আসেন তারা।
তবে বরাবরের মতো এই প্রেমের কথাও অস্বীকার করেছেন বুবলী। তিনি বলেন, এটা একটা ভিত্তিহীন খবর। আসলে রাফি ভাইয়ের সাথে আমার কয়েকটি প্রজেক্ট দর্শক খুব পছন্দ করেছে। এ ছাড়া সামনে আরও কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে এই ধরনের নিউজ বিভ্রান্তিকর। যারা আমার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে পারে না তারাই হয়তো এসব ছড়াচ্ছে।
বুবলী বলেন, দেখা যায় প্রায়ই কেউ কেউ মনগড়া তথ্য দিয়ে অনেক রকম গুজব ছড়ায়, এটা তারই অংশ। আবার এমনও হতে পারে, অনেক দিন আমাকে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে পাচ্ছে না বলেই হয়তো নতুন করে টপিক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। যাতে তাদের পোর্টাল বা ইউটিউবে কাটতি বাড়ে। এ সময় তিনি ভিত্তিহীন সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন বুবলী। এরপরও যদি কেউ এমন গুজব ছড়ান, তাহলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

