সংকটের দ্রুত উত্তরণ ঘটাতে পারবে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৯:১৫
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘বর্তমানে দেশের অনেক পরিবর্তন হয়েছে। তার একটি হচ্ছে বিভিন্ন স্থাপনা তৈরির মাধ্যমে দেশের অনেক ট্রান্সফর্মেশন হয়েছে। আরেকটি ট্রান্সফর্মেশন হচ্ছে নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর হয়ে। সমসাময়িক পুরো বিশ্বে যে সংকট দেখা দিয়েছে, সরকার সে সংকটের খুব দ্রুতই উত্তরণ ঘটাতে পারবে।’
শুক্রবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সভা ও নির্বাচন (২০২২) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করে দেশের উন্নয়নকে পিছিয়ে ফেলা হয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করেছিল সে সময় দেশকে পিছিয়ে রাখার জন্য।’ তিনি আরও বলেন, ‘আমরা যে যেই আদর্শের থাকি না কেন, আমাদের বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে বুকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুন্দর এবং সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দিতে চাই তাহলে তাদের জন্য হলেও আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে আমাদের সবাইকেই ঐক্যবদ্ধ হতে হবে।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন খুলনা বিভাগের নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি রাহুল রাহা। এছাড়া ফোরামের অন্তর্ভুক্ত সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইউডি/সুস্মিত

