ঢাকা শহর এখন আর ময়লার ভাগাড় নয়: মেয়র তাপস

ঢাকা শহর এখন আর ময়লার ভাগাড় নয়: মেয়র তাপস

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৬:০৫

আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ডিএসসিসি এলাকায় ৯০ ভাগ বর্জ্য আগে উন্মুক্ত অবস্থায় থাকত। বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল মাত্র ৫০টি। আমরা গত দুই বছরে নতুন ৩৫টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করেছি। আরও বেশ কয়েকটির কাজ চলমান আছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁও এলাকার বালুর মাঠ সংলগ্ন অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা শহর এখন আর ময়লার ভাগাড় নয়। আগে যেখানে ৯০ শতাংশ বর্জ্য উন্মুক্ত অবস্থায় থাকত, সেটি কমিয়ে ৩০ শতাংশ নামিয়ে এনেছি। আগে যেখানে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকত, এখন আর তা হয় না।

পরে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগ কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন মেয়র তাপস।

এসময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের কারিগর ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ। দিনটি উপলক্ষে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। আমরা কামনা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই যেন আমরা উন্নত বাংলাদেশ গড়তে পারি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, ডিএসসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনসহ দক্ষিণ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading