বুমরাহর চোট: কপাল খুলল সিরাজের

বুমরাহর চোট: কপাল খুলল সিরাজের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৪:৩০

ইন্ডিয়ার পেস আক্রমণের মূল কাণ্ডারি জাসপ্রিত বুমরাহর চোট কপাল খুলে দিল মোহাম্মদ সিরাজের । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টির স্কোয়াডে ডাক পেলেন এই পেসার। আজ শুক্রবার দলের সঙ্গে দ্বিতীয় ম্যাচের ভেন্যু আসামের গুয়াহাটিতে যোগ দেওয়ার কথা তার।

সিরাজকে মূলত লাল বলের বিশেষজ্ঞ হিসেবেই দেখা হয়। টেস্ট স্কোয়াডে তার উপস্থিতি নিয়মিতই। তবে ১০টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টিও তিনি খেলেছেন। ওই ৫ টি-টোয়েন্টিতে ৫টি উইকেট নিতে পারলেও রান দিয়েছেন তিনি ওভারপ্রতি প্রায় সাড়ে দশ করে। আইপিএলে অবশ্য তিনি বেশ সফল।

২৮ বছর বয়সী এই পেসার দেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত ফেব্রুয়ারিতে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে অবশ্য তার পারফরম্যান্স ছিল বেশ ভালো, ৪-০-২২-১।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে ইন্ডিয়া। গুয়াহাটিতে আগামী রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ, মঙ্গলবার ইন্দোরে শেষটি।

গত মাসে ইন্ডিয়ার হয়ে জিম্বাবুয়ে সফরের পর সিরাজ সবশেষ ম্যাচ খেলেছেন কিছুদিন আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ারের হয়ে। কাউন্টি ক্রিকেটে অভিষেকে ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে তিনি নেন ৬ উইকেট।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading