প্রশ্ন ফাঁস : কুড়িগ্রামে আরও ২ জন রিমান্ডে
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:৩০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি বছরের এসএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুই জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন আলী রবিবার (২ অক্টোবর) পুলিশের করা রিমান্ড এবং আসামিদের জামিন আবেদনের শুনানি করে এ আদেশ দেন।

একই মামলার প্রধান আসামি ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বরখাস্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমানকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত বুধবার তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা ভূরুঙ্গামারী থানার ওসি আজাহার আলী গণমাধ্যমকে জানান, সকালে ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবায়ের হোসেন ও আমিনুর রহমান রাসেলকে আদালতে তুলে তিনদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি বলেন, এ মামলার মূল আসামি লুৎফর রহমান তিন দিনের রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে।
প্রশ্ন ফাঁসের মামলায় এ পর্যন্ত পাঁচ শিক্ষক ও একজন অফিস সহায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইউডি/সুপ্ত

