পিএসজিতে অবশেষে চেনা রূপে মেসি
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:২০
গত মৌসুমে পিএসজিতে যেন নিজের ছায়া হয়েই ছিলেন মেসি। এবার আবারও নিজের চিরচেনা রূপে ফিরলেন মেসি। গোল করছেন, করাচ্ছেনও।গত মৌসুমে সব ম্যাচ মিলিয়ে ৬ গোল পেয়েছিলেন তিনি, সেখানে ২০২২-২৩ মৌসুমে প্রথম ৯ ম্যাচেই করে ফেলেছেন ৫ গোল, সাতটা অ্যাসিস্ট তো আছেই। নিসের বিপক্ষে গত ম্যাচের ফ্রি কিক গোলটা আরও একটা অচেনা স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে মেসিকে। পিএসজির জার্সিতে যে এবারই প্রথম টানা দুই লিগ ম্যাচে গোল পেলেন তিনি!
নিসের বিপক্ষে তার দারুণ পারফর্ম্যান্সে ম্যাচসেরাও হয়েছেন। এমন পারফর্ম্যান্স দেখে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের বলছেন, মেসি আবারও তার বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে উঠতে পারবেন। শনিবার রাতে নিসের বিপক্ষে মেসির ফ্রি কিক গোলটা তার ক্যারিয়ারের ৬০তম, যা তাকে নিয়ে এসেছে ইতিহাসে সবচেয়ে বেশি ফ্রি কিকে গোল করা খেলোয়াড়দের তালিকায় ১০ম অবস্থানে। তবে পিএসজির জার্সিতে ফ্রি কিক থেকে এবারই প্রথম গোল পেলেন।
পিএসজি কোচ বলেন, মেসিকে প্রতি দিন সকালে অনুশীলনে দেখাটা অবিশ্বাস্য রকম আনন্দের। সে খুবই ভালো খেলছে, আর প্রতিদিন অনুশীলনে আসতে পেরে সে খুশি। সে এমন এক খেলোয়াড় যার প্রতি মৌসুমেই অগুণতি গোল করার স্বভাব আছে। এই বছর সে আবারও গোলের স্বাদটা ফিরে পাচ্ছে, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে।
ইউডি/সুপ্ত

