সেপ্টেম্বরে ইউরোপে মূল্যস্ফীতি রেকর্ড
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১৮:০০
ইউরোপে মূল্যস্ফীতি সেপ্টেম্বরে রেকর্ড ১০ শতাংশে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান এজেন্সি ইউরোস্ট্যাটের হিসাবে, সেপ্টেম্বরে ইউরোপের ১৯ সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক ব্লক ইউরোজোনের মুদ্রাস্ফীতি বেড়ে রেকর্ড ১০ ভাগ হয়েছে। আগস্টে এটি ছিল শতকরা ৯ দশমিক ১ ভাগ। গত বছর ঠিক একই সময় মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ২ ভাগ।
বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের দাম বাড়তে থাকায় এ অবস্থার তৈরি হয়েছে। এমনকি আগামী বছর অর্থনৈতিক মন্দার আশঙ্কাও করা হচ্ছে। গত বছরের তুলনায় গ্যাসের দাম বেড়েছে ৪০ দশমিক ৮ ভাগ। সেপ্টেম্বরে খাদ্য, অ্যালকোহল ও তামাক জাতীয় পণ্যের দাম বেড়েছে ১১ দশমিক ৮ ভাগ, যা আগস্টে বেড়েছিল ১০ দশমিক ছয় ভাগ।
ইউরোজোনে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছে এস্তোনিয়ায়, শকতরা ২৪ দশমিক ২ ভাগ। এক মাস আগে অবশ্য তা ২৫ ভাগের বেশি ছিল। লিথুনিয়া, লাটভিয়া ও নেদারল্যান্ডসে এর পরিমাণ যথাক্রমে শতকরা ২২ দশমিক ৫ ভাগ, ২২ দশমিক ৪ ভাগ ও ১৭ দশমিক ১ ভাগ।
ইউডি/সুপ্ত

