প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে চান : নৌপ্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে চান : নৌপ্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ২০:১৫

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ব‍্যাপক উৎসাহ উদ্দীপনার মধ‍্য দিয়ে সারাদেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। বাংলাদেশ বর্ণিলভাবে সেজে গেছে। গ্রাম ও শহরের মানুষ পূজার সাথে মিশে গেছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার বিষয়ে তাঁর যে দৃঢ়তা ও সাহস-সেজন‍্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

রবিবার (২ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত দু:স্থদের মধ‍্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের ৭২ এর সংবিধান রয়েছে; যে সংবিধান সম্প্রীতির কথা বলে। যে সম্প্রীতি নিয়ে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার কাজ শুরু করেছিলেন। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। এর পরে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট হয়ে গেছে। অসাম্প্রদায়িকতা বিনষ্ট হয়ে গেছে। এদেশকে বিভাজন করা হয়েছে ধর্ম দিয়ে, সমাজ দিয়ে, অর্থ দিয়ে। বিভক্তি করা হয়েছে। কিন্তু এদেশ এগিয়ে যেতে পারেনি। এদেশ অন্ধকার থেকে অন্ধকারে তলিয়ে গেছে। এদেশের দারিদ্রতা দূর হয় নাই। এদেশের মানুষের যে শিক্ষার অধিকার তা প্রতিষ্ঠিত হয় নাই।

তিনি আরও বলেন, দেশের মানুষের চিকিৎসার অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আমরা গর্ব করে বলতে পারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির নেতৃত্ব দিচ্ছেন, অসাম্প্রদায়িক চেতনার নেতৃত্ব দিচ্ছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছেন। তারই নেতৃত্বে বাংলাদেশ আজ বর্ণিল আলোকে আলোকিত হয়েছে। বাংলাদেশ আজকে পৃথিবীতে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল- তার একমাত্র কারণ শেখ হাসিনার নেতৃত্বাধিন আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনাকে লালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে চান।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের সিনেট সদস‍্য অধ‍্যাপক চন্দ্র নাথ পোদ্দার, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভৌমিক এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডল।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading