র্যাব বিধিবিধান ও আইন মেনেই কাজ করে: ডিজি
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ২৩:০০
র্যাবের নতুন মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, এলিট ফোর্স র্যাব দেশের সব শ্রেণী-পেশার মানুষের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক, নিরাপত্তা ও ভালবাসার প্রতীক। পক্ষান্তরে অপশক্তি, সন্ত্রাসী আর মাদক কারবারিদের কাছে আতঙ্কের প্রতীক। র্যাব তার বিধিবিধান ও প্রচলিত আইনকানুন মেনেই কাজ করে। রবিবার (২ অক্টোবর) বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমেরিকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে র্যাব ডিজি বলেন, আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, এটা সরকার মোকাবেলা করছে। আমাদের কাছে তারা যেসব প্রশ্ন জানতে চেয়েছে সেসবের যথাযথ জবাব দিয়েছি। জবাব দেয়ার পর তারা আমাদেরকে আর কোনো প্রশ্ন করতে পারেনি।

র্যাবে সংস্কার প্রসঙ্গে খুরশীদ হোসেন বলেন, সংস্কার তো আমাদের বিষয় না। র্যাবের সংস্কার করবে কি করবে না এটা সরকারের বিষয়। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। সরকার প্রয়োজন মনে করলে সংস্কার করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, র্যাবে সংস্কারের প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, কোনো ধরনের অরাজকতা বা নাশকতা প্রশ্রয় দেয়া হবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে র্যাবের প্রতিটি সদস্য মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বুকে ধারণ করে দেশের আইন-শৃঙখলা রক্ষায় নিরলস কাজ করে যাবে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, এডিজি কর্নেল মো. কামরুল হাসান, এডিজি (অ্যাডমিন) ডিআইজি ইমতিয়াজ আহমেদসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ইউডি/সুপ্ত

