বাজার করতে গিয়ে ১৯ কোটির লটারি জয়!
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:২০
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ৪৬ বছর বয়সী প্রিস্টন মাকির কপাল খুলে দিয়েছে এক ‘বাজার যাত্রা’। অফিস শেষে ক্লান্তি গায়ে মেখে বাজার করা সব স্বামীদের জন্যই বড্ড কঠিন ব্যাপার। কিন্তু পরিবারের জন্য সেটা তাদের হাসিমুখেই করতে হয়। তবে প্রিস্টন মাকির জন্য যেন ভাগ্য ভিন্ন কিছু নিয়েই হাজির হলো। নিত্যপণ্য কিনতে গিয়ে কেনা লটারিতে এই ব্যক্তি ১৯ কোটি ২৪ লাখের বেশি টাকা জয়ী হয়ে ফিরেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা।
অফিসের কাজ শেষে সন্ধ্যার দিকে একটি নিত্যপণ্যের দোকানে গিয়ে পাঁচটি লটারির টিকিট কিনেছিলেন প্রিস্টন। এরপর ড্র হলে টিকিটগুলো মিলিয়ে দেখেন তিনি এত বড় অঙ্কের অর্থ জয়ী হয়েছেন। মিশিগান লটারির এক কর্মকতাকে লটারিজয়ী প্রিস্টন বলেছেন, স্ত্রীর মেসেজ না পেলে তিনি বাজারে যেতেন না। আর বাজারে না গেলে তার এই লটারিও জেতা হতো না।
তিনি বলেন, অফিসের কাজ যখন শেষের দিকে, তখন স্ত্রী আমাকে বাসায় ফেরার পথে কিছু বাজার আনতে মেসেজ পাঠিয়েছিল। এ সময়ই পাঁচটি টিকিট কিনি।
পরদিন সকালে যখন রান্নাঘরে ছিলাম, মোবাইল অ্যাপ দিয়ে নম্বরগুলো মিলিয়ে দেখলাম। লটারি জয়ী নম্বর দেখে তো আমি অবাক।কিছু অর্থ পরিবারের জন্য আর বাকিটা বিনিয়োগ করবেন বলে জানান প্রিস্টন।
ইউডি/সুপ্ত

