সেপ্টেম্বরে সড়কে ৪০৭ দুর্ঘটনা, মৃত্যু ৪৭৬ : রোড সেফটি ফাউন্ডেশন
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:৫০
গত সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে ৪০৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৪৭৬ জন। আর আহত হয়েছেন ৭৯৪ জন। সোমবার (৩ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, গত মাসে ১৮২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৬৯ জন, যা মোট নিহতের ৩৫.৫০ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪.৭১ শতাংশ। দুর্ঘটনায় ১০৩ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২১.৬৩ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৩ জন, অর্থাৎ ১৩.২৩ শতাংশ। নিহতের মধ্যে নারী ৬২ ও শিশু ৭৭।

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭৮ জন নিহত হন এবং তিনজন নিখোঁজ রয়েছেন। ২১টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয় বলে জানায় রোড সেফটি।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩৪টি (৩২.৯২%) জাতীয় মহাসড়কে, ১৫৮টি (৩৮.৮২%) আঞ্চলিক সড়কে, ৭৩টি (১৭.৯৩%) গ্রামীণ সড়কে এবং ৩৬টি (৮.৮৪%) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৬টি (১.৪৭%) সংঘটিত হয়েছে।
দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; বিআরটিএর সক্ষমতার ঘাটতি; গণপরিবহন খাতে চাঁদাবাজি।
ইউডি/সুপ্ত

