বুটজোড়া তুলে রাখছেন গঞ্জালো হিগুয়েইন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ । আপডেট ১২:৩৫
ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইন। গতকাল ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন রিয়াল মাদ্রিদ, য়্যুভেন্টাস, এসি মিলান, চেলসির মতো বিশ্বের অন্যতম কিছু বড় ক্লাবে খেলা এই স্ট্রাইকার।
৩৪ বছর বয়সী হিগুয়েইন ইন্টার মিয়ামির হয়ে এবার আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ গোল দেন। এমন ফর্মে থাকতেই অবসরের ঘোষণা দিয়েন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার।
হিগুয়েইন বলেন, এমন একটা ক্যারিয়ার পেয়েছি, যার চেয়ে ভালো কিছু হয়তো হতে পারতো না। ফুটবল আমাকে অনেক দিয়েছে। যারা আমার ওপর ভরসা রেখেছে, তাদের ধন্যবাদ জানাই। এখন সময় এসেছে বিদায় বলার। তিনি আরও বলেন, খেলা চালিয়ে যাওয়ার প্রধান অনুপ্রেরণা ছিল আমার সতীর্থরা। এ মৌসুমেই আমার খারাপ দিনগুলোতে তরা ছিল পাশে। সেই সাথে ফিজিও, আমার পরিবার সবাই সাহায্য করেছে এমন সময় কাটিয়ে ওঠার ক্ষেত্রে। তাই চ্যাম্পিয়ন হিসেবেই বিদায় নিতে চাই। এমনটিই আমার স্বপ্ন। চাই, সমর্থকেরা স্টেডিয়ামে আসুক। দুটি ম্যাচ বাকি আছে এখনও। প্লে অফে যেতে পারলে গল্পটা হবে ভিন্ন, আর সতীর্থদের সাথে চ্যাম্পিয়নের মতো বিদায় নেয়া আমার স্বপ্ন।

নভেম্বরে শেষ হবে এমএলএসের চলতি মৌসুম। তবে ইন্টার মায়ামি যদি প্লে অফে উঠতে না পারে, তাহলে এ মাসেই ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলবেন হিগুয়েইন। সবশেষ ১১ ম্যাচে করেছেন ১০ গোল। এই মৌসুমে ১৪ গোল ও ৩ অ্যাসিস্টের মালিক ‘এল পিপিতা’ সোমবারের প্রেস কনফারেন্সে অশ্রুসিক্ত চোখে জানিয়ে দিলেন, ইন্টার মিয়ামির হয়ে ২০২২ মৌসুমের পরই বুটজোড়া তুলে রাখবেন তিনি।
ডিয়েগো ম্যারাডোনার অধীনে ২০০৯ সালে জাতীয় দলে অভিষেক হয় হিগুয়েইনের। তখন থেকে ২০১৮ পর্যন্ত মোট ৭৫টি ম্যাচ খেলেছেন তিনি। খেলেছেন ৩টি বিশ্বকাপ ও ৩টি কোপা আমেরিকা কাপ। ২০১০, ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে একটি হ্যাটট্রিক সহ গোল করেছেন ৫টি। আর্জেন্টিনার ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ ৩১টি গোল তার।
ইউডি/সুপ্ত

