ক্ষেপণাস্ত্র কাণ্ড
নিজেদের ছোড়া মিসাইল পড়ল নিজেদের মাটিতেই!
উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৪৫
উত্তর কোরিয়ার ‘বদলা’ নিতে ছোড়া মিসাইল পড়ল (নিজেদের) দক্ষিণ কোরিয়ার মাটিতেই। উত্তর কোরিয়া কি হামলা চালাল? স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে আগুনের ঝলকানি আর বিস্ফোরণের মতো শব্দে এমন আশঙ্কাতেই থরহরি কম্প শুরু হয়েছিল দক্ষিণ কোরিয়ার উপকূলবর্তী শহর গ্যাংনিউংয়ের বাসিন্দাদের মধ্যে।
তবে সেই আশঙ্কা সত্যি নয়। উত্তর কোরিয়াকে পাল্টা জবাব দিতে রীতিমতো নাজেহাল হল দক্ষিণ কোরিয়া। নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ল তাদের দেশের মাটিতেই।
গোলযোগের জেরে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর ঘাঁটিতেই আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। ওই বিমানবাহিনী ঘাঁটিটির কাছেই রয়েছে গ্যাংনিউং শহর। ক্ষেপণাস্ত্রটি সেখানে পড়তেই বিকট আওয়াজ হয়। আগুনের ঝলকানিও দেখা যায়। কিন্তু বিস্ফোরণ ঘটেনি। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে আতঙ্কিত হয়ে পড়েন শহরের বাসিন্দারা। এ জন্য পরে ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। কী কারণে এমন পরিস্থিতি তৈরি হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে দক্ষিণ কোরিয়ার সেনার তরফ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার জাপানের উপর দিয়ে আচমকা ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এর ২৪ ঘণ্টার মধ্যেই ‘বদলা’ নিয়ে উদ্যত হয় দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। কিমের দেশকে পাল্টা জবাব দিতে যৌথ ভাবে জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ওই দুই দেশ। উত্তর কোরিয়ার এই আচরণের নিন্দায় সরব হয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। কিমকে জবাব দিতেই তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

