টুঙ্গীপাড়ায় প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:১০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন। প্রধানমন্ত্রী সকালে তাঁর ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডের শিকার বঙ্গবন্ধু এবং অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন।
শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা তাঁর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর, তিনি স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, যিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহ রাতে কিছু বিপথগামী সেনা সদস্যদের দ্বারা পরিবারের সদস্যদেরসহ নির্মমভাবে নিহত হন। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে নিজের পৈত্রিক ভূমি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন । শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৭টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়ি বহর পদ্মা সেতুতে টোল দিয়ে টোল প্লাজা অতিক্রম করে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী তার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, এ সময় শেখ রেহানা বহরের ১৭টি গাড়ির টোল প্রদান করেন। তারা ৭টা ৪৯ মিনিটে সেতু পার হন।
সেতুর সার্ভিস এরিয়া-২ এ যাত্রা বিরতি করেন তারা। এর আগে সকাল সোয়া ৭টায় গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হন তারা।
ইউডি/সুস্মিত/সুপ্ত

